• ঢাকা
  • |
  • শুক্রবার ৯ই শ্রাবণ ১৪৩৩ সকাল ০৯:৫২:৩৯ (24-Jul-2026)
  • - ৩৩° সে:

প্রশ্নফাঁস বিতর্কে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে শচীন টেন্ডুলকারের বার্তা

২৪ জুলাই ২০২৬ সকাল ০৮:৫৩:৪৩

প্রশ্নফাঁস বিতর্কে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে শচীন টেন্ডুলকারের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উদ্দেশে সততা, পরিশ্রম ও ন্যায্যতার পক্ষে একটি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়। কখনো শর্টকাটের পথ বেছে নেবে না।’

২৩ জুলাই বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শচীন জানান, তার বাবা একজন অধ্যাপক ছিলেন এবং ছোটবেলা থেকেই তাকে সততা ও পরিশ্রমের মূল্যবোধ শিখিয়েছেন।

তিনি লেখেন, ‘আমার বাবা আমাকে শিখিয়েছিলেন—ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়। জীবনে কখনো শর্টকাটের পথ বেছে নেবে না।’

শচীনের মতে, সমাজের দায়িত্ব এমন একটি পরিবেশ গড়ে তোলা, যেখানে কেবল ফলাফল নয়, কঠোর পরিশ্রমকেও সমান গুরুত্ব দেওয়া হবে। কারণ শুধু ফলাফলকে প্রাধান্য দিলে মেধার পরিবর্তে শর্টকাটের সংস্কৃতি গড়ে ওঠার ঝুঁকি থাকে।

তিনি বলেন, শিক্ষার্থীরা যখন মনে করে তাদের কঠোর পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হয়নি, তখন তাদের হতাশ হওয়া স্বাভাবিক। তাই ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি তৈরি না হয়, তা নিশ্চিত করা সমাজের সবার দায়িত্ব।

ভারতের তরুণ প্রজন্মকে দেশের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে শচীন বলেন, তাদের স্বপ্ন ও উদ্যম ধরে রাখা এবং ভবিষ্যৎ সুরক্ষিত করা অভিভাবক, শিক্ষক, বন্ধু, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসন—সবার সম্মিলিত দায়িত্ব।

তিনি আরও বলেন, এমন একটি সংস্কৃতি গড়ে তুলতে হবে যেখানে পরিশ্রমের মূল্যায়ন হবে, সততাকে উৎসাহ দেওয়া হবে এবং শেষ পর্যন্ত মেধারই জয় হবে।

বার্তার শেষে শচীন আশাবাদ ব্যক্ত করে বলেন, সবাই মিলে এমন সমাধান বের করা সম্ভব, যা আগামী প্রজন্মের ভবিষ্যৎকে আরও শক্তিশালী করবে এবং তাদের স্বপ্নকে সুরক্ষিত রাখবে।

সূত্র: এনডিটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us