আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে তিনতলা একটি ভবন ধসে শিশুসহ অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা।
১১ নভেম্বর বুধবার বিকেল ৪টার দিকে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবাসিক ও বাণিজ্যিক কাজে ব্যবহৃত ভবনটি পাশের একটি নির্মাণাধীন স্থাপনার ওপর ধসে পড়ে। এতে দুই স্থাপনার বেশ কয়েকজন মানুষ আটকা পড়েন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার রাত পর্যন্ত এ ঘটনায় ১৯ জন হতাহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তাঁদের মধ্যে দুজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক এবং ১২ জনের অবস্থা স্থিতিশীল। আহতদের মধ্যে অন্তত সাত শিশু রয়েছে। এ ছাড়া ধ্বংসস্তূপ থেকে একজন অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানে অংশ নেওয়া এক দমকলকর্মীও আহত হয়েছেন।
উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে কাজ করছেন। ঘটনাস্থলের ভিডিওতে ফায়ার সার্ভিসের কর্মীদের স্ট্রেচারে করে আহতদের বের করে আনতে দেখা গেছে। উদ্ধার অভিযানে পুলিশ, প্রশিক্ষিত কুকুর, ড্রোন ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।
তবে উদ্ধার অভিযান বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভবনটির অবশিষ্ট অংশ এবং আশপাশের স্থাপনা আরও ধসে পড়ার আশঙ্কা করছেন কর্মকর্তারা। নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের কমিশনার জানিয়েছেন, ধ্বংসস্তূপের অবস্থা অত্যন্ত বিপজ্জনক। উদ্ধার অভিযান দীর্ঘ সময় ধরে চালাতে হতে পারে।
নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের প্রধান জন এসপোসিতো জানান, ভবনটি ধসে পড়ার সময় পাশের নির্মাণস্থলে শ্রমিকেরা কাজ করছিলেন। সেখানে খননকাজ চলছিল। এ ঘটনায় ভবনধসের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে নগর কর্তৃপক্ষের ভবন বিভাগ।
নগর কর্তৃপক্ষের নথি অনুযায়ী, ১৯৩০ সালে নির্মিত ভবনটিতে চারটি আবাসিক ও একটি বাণিজ্যিক ইউনিট ছিল। অন্যদিকে, পাশের নির্মাণস্থলে অবৈধভাবে ভাঙার কাজ চালানোর অভিযোগে গত এপ্রিলে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হয়েছিল। পরে অক্টোবরে প্রতিষ্ঠানটি ১০ হাজার ডলার জরিমানা দিয়ে বিষয়টি নিষ্পত্তি করে।
এদিকে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তায় রেডক্রসের পক্ষ থেকে একটি সহায়তা কেন্দ্রও চালু করা হয়েছে।
উদ্ধারকারীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকা পড়ে আছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফলে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available