• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:৩১:৫৭ (13-Jul-2026)
  • - ৩৩° সে:

বেলুচিস্তানে চলছে ‘অপারেশন শাবান’, ছয় দিনে ১০৯ জন নিহত

১৩ জুলাই ২০২৬ দুপুর ১২:৩৮:০২

বেলুচিস্তানে চলছে ‘অপারেশন শাবান’, ছয় দিনে ১০৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ‘অপারেশন শাবান’ নামে একটি সামরিক অভিযান শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। পাকিস্তানি সামরিক সূত্রের দাবি, গত ৫ জুলাই থেকে শুরু হওয়া এ অভিযান এবং অন্যান্য অভিযানে ছয় দিনে মোট ১০৯ জন নিহত হয়েছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ ১২ জুলাই রোববার দেশটির প্রতিরক্ষা বাহিনীর সূত্রের বরাত দিয়ে জানায়, ৫ থেকে ১১ জুলাই পর্যন্ত পরিচালিত অভিযানে নিহতদের মধ্যে ৭১ জন ‘অপারেশন শাবান’-এ এবং বাকি ৩৮ জন অন্যান্য অভিযানে নিহত হন।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, অভিযানের সময় বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় অভিযুক্তদের আস্তানা থেকে এম-৪ কারবাইন রাইফেল, সাবমেশিনগান, রকেট লঞ্চার, মোবাইল ফোন, বোমা তৈরির সরঞ্জাম এবং বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

গত ২ জুলাই বেলুচিস্তানের মাঙ্গি জেলার একটি পুলিশ স্টেশনে হামলায় কয়েকজন পুলিশ সদস্য নিহত হওয়ার পর প্রদেশটিতে বিশেষ এই অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে অভিযানে নিরাপত্তা বাহিনীরও ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তানি প্রতিরক্ষা সূত্রের দাবি, ছয় দিনে বিভিন্ন স্থানে বন্দুকযুদ্ধে নিরাপত্তা বাহিনীর ৪২ সদস্য নিহত হয়েছেন। তবে তারা সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কর্পস ও পুলিশ—কোন বাহিনীর কতজন সদস্য, সে তথ্য প্রকাশ করা হয়নি।

বেলুচিস্তানে পরিচালিত যৌথ অভিযানে পাকিস্তান সেনাবাহিনীর পাশাপাশি খাইবার-পাখতুনখোয়া ও বেলুচিস্তানের সীমান্তরক্ষী আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কর্পস এবং বেলুচিস্তান পুলিশ অংশ নিচ্ছে।

১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকেই বেলুচিস্তানে স্বায়ত্তশাসন ও স্বাধীনতার দাবিতে বিভিন্ন সশস্ত্র আন্দোলন সক্রিয় রয়েছে। পাকিস্তান সরকার এসব গোষ্ঠীকে ‘বিচ্ছিন্নতাবাদী’ হিসেবে অভিহিত করে আসছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত সামরিক অভিযান পরিচালনা করছে।

ইসলামাবাদ ও পাকিস্তান সেনাবাহিনীর দাবি, বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীরা ভারতের সমর্থন পাচ্ছে। তবে ভারত বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

সূত্র: জিও নিউজ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us