আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইর সপ্তাহব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানকে ‘প্রচারণামূলক তামাশা’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা
জানিয়েছেন দেশটির নির্বাসিত সাবেক যুবরাজ রেজা পাহলভি। তেহরানে খামেনেইকে শেষ শ্রদ্ধা জানাতে আসা বিদেশি প্রতিনিধিদের উদ্দেশে দেওয়া এক কড়া বার্তায় তিনি খামেনিকে একজন ‘মৃত স্বৈরশাসক’ বলে অভিহিত করেছেন, যার জন্য ইরানের সাধারণ জনগণ কোনো শোক প্রকাশ করছে না।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে পাহলভি বলেন, যারা মৃত স্বৈরশাসক খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে তেহরানে এসেছেন, তাদের বলছি— ইরান তাঁর জন্য শোক পালন করছে না। বরং ইরান আজ শোকগ্রস্ত সেই ৪০ হাজার-এরও বেশি বীর সন্তানদের জন্য, যাদের গত ৮ ও ৯ জানুয়ারি খামেনিই, গালিবফ এবং তাদের নির্মম দমনযন্ত্রের হাত দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল।
মূলত অর্থনৈতিক দাবি ও অধিকার আদায়ের আন্দোলন দমনে সরকারের চালানো রক্তক্ষয়ী সহিংসতার দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
সাবেক এই ক্রাউন প্রিন্স আরও দাবি করেন, ইরানের সাধারণ মানুষের বিপুল পরিমাণ অর্থ অপচয় করে শাসকগোষ্ঠী এই কৃত্রিম প্রচারণার আয়োজন করেছে, যেখানে বিশ্বের কোনো গণতান্ত্রিক দেশের নেতাই অংশ নেননি।
পাহলভী তাঁর বার্তায় যোগ করেন, আজ আপনারা রাস্তায় যা দেখছেন, তা নিজের শাসকের জন্য শোকাহত কোনো জাতি নয়। এটি আসলে ভেতরে ভেতরে জ্বলতে থাকা এক ন্যায়সঙ্গত ক্রোধে পরিপূর্ণ সমাজ। এই তীব্র ক্ষোভ আর জনগণের বীরত্বপূর্ণ সাহসই অপরাধী এই শাসনব্যবস্থার অবশিষ্টাংশকে খুব দ্রুত ধুলোয় মিশিয়ে দেবে।
সূত্র: আল জাজিরা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available