• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আষাঢ় ১৪৩৩ সকাল ১০:১৪:৩২ (18-Jun-2026)
  • - ৩৩° সে:

ইরানের অর্থ ফেরত দিতে হবে যুক্তরাষ্ট্রকে, না হলে ডলারের প্রতি আস্থা কমবে: ট্রাম্প

১৮ জুন ২০২৬ সকাল ০৮:৫১:১১

ইরানের অর্থ ফেরত দিতে হবে যুক্তরাষ্ট্রকে, না হলে ডলারের প্রতি আস্থা কমবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের জব্দ করা অর্থ শেষ পর্যন্ত ফেরত দিতে হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, ওই অর্থ যুক্তরাষ্ট্রের নয়; বরং ইরানের সম্পদ। অর্থ ফেরত না দিলে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে ডলারের গ্রহণযোগ্যতা ও আস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, জি-৭ সম্মেলন শেষে ১৭ জুন বুধবার ফ্রান্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা তাদের অনেক অর্থ জব্দ করে রেখেছি। কিন্তু সেটি আমাদের অর্থ নয়, তাদের অর্থ। আমার মনে হয়, শেষ পর্যন্ত আমাদের তা ফেরত দিতে হবে। কারণ, আমরা যদি তা না করি, তাহলে ভবিষ্যতে কেউ আর ডলারে বিনিয়োগ করতে চাইবে না।’

গত রোববার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) ইলেকট্রনিকভাবে স্বাক্ষর হয়। এতে সামরিক উত্তেজনা প্রশমিত করা, হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল পুনঃস্থাপন, নিষেধাজ্ঞা শিথিল এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পথ উন্মুক্ত করার বিষয়ে সম্মতি হয়েছে।

চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিক আয়োজন আগামী শুক্রবার সুইজারল্যান্ডে হওয়ার কথা রয়েছে। সমঝোতার অংশ হিসেবে আঞ্চলিক অংশীদারদের সহযোগিতায় ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অন্তত ৩০০ বিলিয়ন ডলারের একটি বিনিয়োগ পরিকল্পনা তৈরির কথাও উল্লেখ করা হয়েছে।

তবে ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, এই অর্থ সরাসরি যুক্তরাষ্ট্র দেবে না। তিনি বলেন, ‘আমরা কোনো অর্থ দিচ্ছি না। ইরান চুক্তির শর্ত মেনে চললে এবং বিনিয়োগকারীরা আগ্রহ দেখালে বিনিয়োগের সুযোগ তৈরি হবে। সবকিছুই নির্ভর করবে তাদের আচরণের ওপর।’

ট্রাম্প আরও বলেন, দীর্ঘদিনের সংঘাত ও নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতির ক্ষতির পরিমাণ এক ট্রিলিয়ন ডলারেরও বেশি।

ইরানের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘তারা সঠিক পথে চলা শুরু করলেই কিছু না কিছু ঘটবে।’

এদিকে যুক্তরাষ্ট্র প্রকাশিত ১৪ দফা সমঝোতা স্মারকে বলা হয়েছে, চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে ধাপে ধাপে ইরানের বিরুদ্ধে আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে।

এর মধ্যে রয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাব, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বোর্ড অব গভর্নরসের সিদ্ধান্ত এবং যুক্তরাষ্ট্রের একতরফাভাবে আরোপিত প্রাথমিক ও গৌণ নিষেধাজ্ঞাগুলো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




নতুন দায়িত্ব পেলেন ডা. এজেডএম জাহিদ
নতুন দায়িত্ব পেলেন ডা. এজেডএম জাহিদ
১৮ জুন ২০২৬ সকাল ০৯:৩৯:৪৩





আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
১৮ জুন ২০২৬ সকাল ০৯:০৯:২২


Follow Us