• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০২:৩৯:১৩ (11-Sep-2026)
  • - ৩৩° সে:

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বাংলাদেশি রবিন খুদার এয়ারট্রাঙ্ক

৭ জুন ২০২৬ সকাল ০৯:৩৪:০৫

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বাংলাদেশি রবিন খুদার এয়ারট্রাঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে জন্ম নেওয়া অস্ট্রেলিয়ান প্রযুক্তি উদ্যোক্তা রবিন খুদার প্রতিষ্ঠিত ডেটা সেন্টার কোম্পানি এয়ারট্রাঙ্ক ২০৩০ সালের মধ্যে ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এই বিনিয়োগের মাধ্যমে দেশটিতে ৫ গিগাওয়াট ডেটা সেন্টার সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।

বিনিয়োগ পরিকল্পনা ঘোষণার আগে ৫ জুন শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন এয়ারট্রাঙ্কের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রবিন খুদা।

এয়ারট্রাঙ্ক এক বিবৃতিতে জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড কম্পিউটিং এবং ডিজিটাল অবকাঠামোর ক্রমবর্ধমান চাহিদা পূরণে ভারতকে দীর্ঘমেয়াদি কৌশলগত বাজার হিসেবে দেখছে তারা। কোম্পানিটির লক্ষ্য আগামী কয়েক বছরে দেশজুড়ে নতুন ডেটা সেন্টার স্থাপনের মাধ্যমে বৃহৎ পরিসরে কম্পিউটিং অবকাঠামো গড়ে তোলা।

বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এয়ারট্রাঙ্কের এই বিনিয়োগ ভারতের ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী করবে এবং দেশকে বৈশ্বিক ক্লাউড কম্পিউটিং ও এআই কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে। পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় সাপ্লাই চেইনের বিকাশেও ভূমিকা রাখবে।

কোম্পানির পরিকল্পনা অনুযায়ী, সবচেয়ে বড় প্রকল্পটি বাস্তবায়িত হবে মহারাষ্ট্র রাজ্যে। রাজ্যটির মুখ্যমন্ত্রী দেভেন্দ্র ফাদনাভিস জানিয়েছেন, রায়গড় এলাকায় প্রায় ৩ গিগাওয়াট ক্ষমতার একটি ডেটা সেন্টার প্রকল্পে প্রায় ২১ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। এ জন্য ইতোমধ্যে জমি বরাদ্দসংক্রান্ত প্রাথমিক চুক্তিও সম্পন্ন হয়েছে।

রবিন খুদা বলেন, “ভারত বিশ্বের এমন কয়েকটি বাজারের একটি, যেখানে দীর্ঘমেয়াদি প্রযুক্তি ও অবকাঠামো বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে। দেশটির জনসংখ্যা, ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিস্তার এবং এআই খাতে উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা একে বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে।”

ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা রবিন খুদা ১৮ বছর বয়সে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। ২০১৫ সালে তিনি এয়ারট্রাঙ্ক প্রতিষ্ঠা করেন। বর্তমানে প্রতিষ্ঠানটির কার্যক্রম অস্ট্রেলিয়া, ভারত, জাপান, হংকং, মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে বিস্তৃত।

ফোর্বসের তথ্যমতে, রবিন খুদার সম্পদের পরিমাণ ২ বিলিয়ন ডলারেরও বেশি।

সূত্র: রয়টার্স, ফোর্বস এশিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭