আন্তর্জাতিক ডেস্ক: ইরানের মরহুম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা আগামী দুই সপ্তাহের মধ্যে সম্পন্ন হতে পারে বলে জানিয়েছেন তেহরান সিটি প্রশাসনের সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ক উপপ্রধান মোহাম্মদ আমিন তাভাকোলিজাদেহ।
২ জুন মঙ্গলবার দেশের বিভিন্ন মহানগরের সামাজিক ও সাংস্কৃতিক কমিশনের এক বৈঠকে তিনি জানান, জিলহজ মাসের শেষভাগ এবং মহররম মাসের শুরুতে জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তাভাকোলিজাদেহ বলেন, দাফন-সংক্রান্ত সার্বিক কার্যক্রম তার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এ উপলক্ষে তিন দিনব্যাপী শোক মিছিল আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিদায় অনুষ্ঠান শেষে রাজধানী তেহরানে জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা শুরু হবে, যা অন্তত একদিনব্যাপী চলতে পারে।
তিনি জানান, অনুষ্ঠানে রাজধানীতে দেড় থেকে দুই কোটির বেশি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সে অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
তেহরানের পাশাপাশি কোম ও মাশহাদ শহরেও জানাজার আয়োজন করা হবে বলে জানান তিনি। এছাড়া দেশের বিভিন্ন প্রদেশ থেকেও পৃথক শোকানুষ্ঠান আয়োজনের অনুরোধ এসেছে।
পারিবারিক সদস্যদের পরামর্শের ভিত্তিতে আয়াতুল্লাহ আলি খামেনিকে মাশহাদের ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে দাফন করা হবে বলেও উল্লেখ করেন তাভাকোলিজাদেহ।
তিনি আরও বলেন, পাকিস্তান, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ ও কাশ্মীরসহ পূর্বাঞ্চলের বিভিন্ন মুসলিম অঞ্চল থেকে বিপুলসংখ্যক শোকাহত মানুষ ও প্রতিনিধিদল মাশহাদে উপস্থিত হতে পারেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার মধ্যে নিজ কার্যালয়ে নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাদের স্মরণে গত সপ্তাহে তেহরানে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে ইসলামি প্রচার সমন্বয় পরিষদের প্রধান মহসেন মাহমুদ বলেছিলেন, খামেনির জানাজা এমন একটি ঐতিহাসিক আয়োজন হতে যাচ্ছে, যা ইরান ও মুসলিম বিশ্বের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। বিভিন্ন দেশ থেকেও অনুষ্ঠানে অংশগ্রহণের প্রস্তুতির খবর পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।
সূত্র: ইরনা, মেহর নিউজ
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available