আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি ও কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইরানে নতুন করে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালীর কৌশলগত কেশম দ্বীপে তারা ‘আত্মরক্ষামূলক’ অভিযান পরিচালনা করেছে। এদিকে দ্বীপটিতে দফায় দফায় বিস্ফোরণের খবর দিয়েছে ইরানি গণমাধ্যম। পাল্টাপাল্টি দাবি ও হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বেড়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ইরানের কথিত হামলার চেষ্টার জবাবে কেশম দ্বীপে অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে উপসাগরীয় দেশগুলো ও বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ছোড়া কয়েকটি ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে তারা।
সেন্টকমের দাবি, কেশম দ্বীপে হামলার লক্ষ্য ছিল একটি ইরানি সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্র। এছাড়া আঞ্চলিক সমুদ্রপথে চলাচলকারী বেসামরিক জাহাজের দিকে ছোড়া তিনটি হামলাকারী ড্রোনও ধ্বংস করা হয়েছে।
মার্কিন বাহিনী আরও জানিয়েছে, ইরান কুয়েতের দিকে দুটি এবং বাহরাইনের দিকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। তবে সেগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ব্যর্থ হয় বা প্রতিহত করা হয়।
অন্যদিকে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা অঞ্চলের একটি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও হেলিকপ্টার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের ভাষ্য, কেশম দ্বীপের দক্ষিণে একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন হামলার প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে সেন্টকম জানায়, ইরানের দিকে অগ্রসর হওয়া বতসোয়ানার পতাকাবাহী একটি খালি তেলবাহী ট্যাংকারকে অচল করে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, বারবার সতর্কবার্তা উপেক্ষা করায় জাহাজটির ইঞ্জিন কক্ষে হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। হামলার একটি ভিডিওও প্রকাশ করেছে সেন্টকম। তবে এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি ইরান।
এদিকে বার্তাসংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, ৩ জুন বুধবার ভোরে কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানের আধা-সরকারি মেহর বার্তাসংস্থা জানায়, বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
পরে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, কেশম দ্বীপের সুজা ও মাসেন এলাকার কাছাকাছি কয়েকটি বিস্ফোরণ ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই এলাকার মাঝামাঝি একটি জনবসতিহীন স্থানে কোনো ধরনের প্রজেক্টাইল আঘাত হেনেছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও এখনো স্থায়ী কোনো রাজনৈতিক সমঝোতা হয়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available