• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ০৮:২৭:০৮ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

১ জুন ২০২৬ সকাল ১১:২৭:৩২

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের
“প্রতীকি ছবি”

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আজ ১ জুন সোমবার ভোরে পরিচালিত এ হামলার কথা এক বিবৃতিতে জানিয়েছে বাহিনীটি। তবে ঘাঁটিটি কোন দেশে অবস্থিত, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

আইআরজিসির দাবি, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের সিরিক দ্বীপে অবস্থিত একটি টেলিযোগাযোগ টাওয়ারে মার্কিন হামলার পর পাল্টা পদক্ষেপ হিসেবে ওই সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম-ঘনিষ্ঠ মেহের নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্স অভিযানে অংশ নেয় এবং নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে। বাহিনীটির ভাষ্য, মার্কিন হামলার কয়েক ঘণ্টার মধ্যেই এ পাল্টা হামলা চালানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতে এ ধরনের কোনো হামলা হলে তার জবাব আরও কঠোর ও ভিন্ন মাত্রার হবে। একই সঙ্গে পরিস্থিতির আরও অবনতি ঘটলে এর দায় যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে বলে সতর্ক করেছে আইআরজিসি।

তবে ইরানের এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, হরমুজগান প্রদেশের গরুক ও কেশম দ্বীপে অবস্থিত ইরানের রাডার এবং ড্রোনের কমান্ড ও কন্ট্রোল সেন্টার লক্ষ্য করে ‘আত্মরক্ষামূলক হামলা’ চালানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি বর্তমানে নাজুক অবস্থায় রয়েছে। দীর্ঘ আলোচনার পরও দুই পক্ষ কোনো স্থায়ী সমঝোতায় পৌঁছাতে না পারায় নতুন করে উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক দিনগুলোতে উভয় পক্ষই সীমিত পরিসরে একে অপরের সামরিক স্থাপনায় হামলা ও পাল্টা হামলা চালিয়েছে, যা বৃহত্তর সংঘাতের আশঙ্কা উসকে দিচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us