আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধের শুরু থেকেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সংযুক্ত আরব আমিরাত বিমান হামলা চালিয়েছিল বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। ২৯ মে শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের শুরু থেকেই আমিরাত সামরিক অভিযানে অংশ নেয় এবং যুদ্ধবিরতির ঘোষণার পরও কিছু অভিযান অব্যাহত রাখে। এতে সংঘাতের পরিধি আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
ওয়াল স্ট্রিট জার্নালের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় এবং সমন্বয়ের মাধ্যমে হামলাগুলো পরিচালিত হয়। লক্ষ্যবস্তুর মধ্যে হরমুজ প্রণালির কৌশলগত কয়েকটি দ্বীপ, বন্দর আব্বাস, লাভান দ্বীপের তেল শোধনাগার এবং আসালুয়েহ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সের নাম উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার ঘটনায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতার আশঙ্কা দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জ্বালানি স্থাপনায় হামলা সীমিত রাখার আহ্বান জানায় বলে দাবি করা হয়েছে।
একই প্রতিবেদনে বলা হয়, উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলো যুদ্ধের আগে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ার অবস্থান নিলেও, আমিরাত পরে সেই অবস্থান থেকে সরে আসে।
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, আমিরাতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান বিভিন্ন শহর, বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে দেশটির অর্থনীতি, বিমান চলাচল, পর্যটন ও পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়ে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, আমিরাতের সামরিক তৎপরতা নিয়ে সৌদি আরব উদ্বেগ প্রকাশ করেছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। সৌদি কর্মকর্তাদের আশঙ্কা ছিল, সংঘাত আরও বিস্তৃত হলে আঞ্চলিক জ্বালানি অবকাঠামো ঝুঁকির মুখে পড়তে পারে এবং বৈশ্বিক তেলবাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, ইরান ইস্যুতে ভিন্ন অবস্থানের কারণে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যেও মতপার্থক্য ও উত্তেজনা তৈরি হয়েছে।
সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available