আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাওয়া নৌবহর থেকে আটক শত শত অধিকারকর্মীকে ফেরত পাঠিয়েছে ইসরায়েল। নৌবহরে হামলা চালিয়ে তাদের আটক করার পর তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ঘিরে বিশ্বজুড়ে সমালোচনা শুরু হলে এ সিদ্ধান্ত নেয় দেশটি।
২১ মে বৃহস্পতিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আটক হওয়া অংশগ্রহণকারীদের বড় একটি অংশকে বিভিন্ন ফ্লাইটে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দিনভর অনেক অধিকারকর্মী ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছান। তাদের কেউ কেউ ফিলিস্তিনি কেফিয়াহ পরে শান্তির প্রতীক দেখান, এসময় সমর্থকেরা ফিলিস্তিনের পতাকা হাতে তাদের স্বাগত জানান।
তুরস্ক জানিয়েছে, একটি বিশেষ ফ্লাইটে মোট ৪২২ জনকে সরিয়ে নেওয়া হয়েছে, যাদের মধ্যে ৮৫ জন তুরস্কের নাগরিক ছিলেন।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফেরত পাঠানোদের মধ্যে ৩৭ জন ফরাসি নাগরিক ছিলেন। স্পেন ও জর্ডানসহ বিভিন্ন দেশও তাদের নাগরিকদের ফেরত আনার বিষয়টি নিশ্চিত করেছে।
ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নৌবহরের সব বিদেশি কর্মীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এবং গাজার নৌ অবরোধ লঙ্ঘনের কোনো সুযোগ দেওয়া হবে না।
অন্যদিকে, ফিলিস্তিনি অধিকার সংস্থা আদালাহ জানিয়েছে, প্রায় ৪৩০ জনকে আটক করার পর পরে বিভিন্ন বিমানবন্দর দিয়ে তাদের ফেরত পাঠানো হয়।
আটক থাকা কয়েকজন অধিকারকর্মী অভিযোগ করেন, তাদের শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, খাবার ও পানি থেকে বঞ্চিত করা হয়েছে এবং আইনগত সহায়তা পেতে বাধা দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক নিন্দা জানানো হয়েছে। একাধিক দেশ একে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে উল্লেখ করে কূটনৈতিক প্রতিক্রিয়া জানিয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available