আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই হামলাকে ‘সন্দেহজনক’ উল্লেখ করে একে ‘যুদ্ধের পটভূমি তৈরির চেষ্টা’ বলে অভিহিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।
২৬ নভেম্বর বৃহস্পতিবার কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হন। এ ঘটনায় একজন পাকিস্তানি ও একজন কুয়েতি নাগরিক আহত হয়েছেন। নিহত দুই ইতালীয় নাগরিক কুয়েতে বেসামরিক কারিগরি কর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ইতালি ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনালাপে কুয়েতে ইতালীয় নাগরিকদের মৃত্যুর ঘটনায় আমি শোক ও সমবেদনা প্রকাশ করেছি। ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে’ কুয়েত ও ইতালির সঙ্গে সহযোগিতা করতে ইরান প্রস্তুত রয়েছে। খবর আল জাজিরার।
এর আগে হামলার পর কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিল, ইরান থেকে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলাটি চালানো হয়েছে। প্রথমে হামলায় চারজন আহত হওয়ার তথ্য জানানো হলেও পরে দুই ইতালীয় নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মন্ত্রণালয়। আহত হন একজন পাকিস্তানি ও একজন কুয়েতি নাগরিক।
তবে কুয়েতের এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুলফজল শেখারচি। রাষ্ট্রীয় টেলিভিশনকে তিনি বলেন, ‘আজ এ অঞ্চলে কোনো সামরিক অথবা হামলার অভিযান চালায়নি ইরানের সশস্ত্র বাহিনী।’
উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে কুয়েতসহ উপসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল ইরান। ওই সময় কুয়েতে একটি ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন। এ ছাড়া ভুলবশত যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করেছিল কুয়েতের সেনারা।
আয়তনে ছোট হলেও কুয়েতে মার্কিন সেনাদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। ইরান মূলত মার্কিন সামরিক স্থাপনা ও ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছিল। এ ছাড়া গত সপ্তাহে বাহরাইনেও একাধিক ড্রোন হামলা চালায় ইরান। সর্বশেষ হামলায় দেশটির একটি তেল ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে বৃহস্পতিবারের হামলায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করে তেহরান জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কুয়েত ও ইতালির সঙ্গে সহযোগিতা করতে তারা প্রস্তুত।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available