• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১১:০৭:১০ (26-Nov-2026)
  • - ৩৩° সে:

টুঙ্গিপাড়া থানায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা

২৬ নভেম্বর ২০২৬ রাত ১০:৪৭:৫২

টুঙ্গিপাড়া থানায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৮ হাজার ২৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

২৬ নভেম্বর বৃহস্পতিবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ও তদন্তকারী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।

এর আগে, গত ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক কামরুল আহম্মেদ বাদী হয়ে এই মামলাটি করেন।

আরও পড়ুন

শিক্ষা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বিএনপি সরকার: শিক্ষামন্ত্রী

মামলায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস সর্দার, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাসসহ ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৮ হাজার জনকে আসামি করা হয়েছে।

এজাহারের বিবরণ অনুযায়ী, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধ একটি দল বেআইনিভাবে থানায় ঢুকে সন্ত্রাসী তাণ্ডব চালায়। ওই সময় হত্যার উদ্দেশ্যে মারধর করে সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের গুরুতর আহত করা হয়। একপর্যায়ে থানার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করে হামলাকারীরা। পাশাপাশি সরকারি যানবাহন, থানা ভবন ও পুলিশ ব্যারাকসহ বিভিন্ন সরকারি স্থাপনা ও সম্পত্তিতে আগুন ধরিয়ে দিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়।

মামলার বিবরণে ক্ষয়ক্ষতির বিস্তারিত হিসাব তুলে ধরে বলা হয়েছে, সেদিন অস্ত্রাগার থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে ছিল একটি এলএমজির ১০০ রাউন্ড গুলি, আটটি ৭.৬২ চায়না রাইফেল ও ২৮১ রাউন্ড গুলি, ১১টি শটগান ও ৬৬৯ রাউন্ড রাবার কার্তুজ, দুটি গ্যাসগান ও ২৮টি গ্যাস সেল।

আরও পড়ুন

পুলিশ সুপার আবুল কালাম আজাদ গ্রেফতার

এ ছাড়া লুট হওয়া মালামালের তালিকায় আটটি ৯ এমএম পিস্তল, ২২টি ম্যাগাজিন ও ১৯৮ রাউন্ড গুলি, একটি ৭.৬২ পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি এবং তিনটি এসএমজি, ছয়টি ম্যাগাজিন ও ১৫০ রাউন্ড গুলির কথাও উল্লেখ করা হয়েছে। লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য ধরা হয়েছে ৩ কোটি টাকা। সব মিলিয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে সরকারি সম্পদের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২১ কোটি টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানিয়েছেন, এই মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ