আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ঝাড়খণ্ডের রামগড় জেলায় পুণ্যার্থীবাহী একটি স্করপিও গাড়ি দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার নারী ও চার শিশু রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। দুর্ঘটনার সময় গাড়িটিতে মোট ১৪ জন ছিলেন।
২৯ নভেম্বর রোববার ভোররাত ২টার দিকে রাঁচি-পাটনা জাতীয় মহাসড়কের পেইনকি এলাকায় কুজু থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহত ব্যক্তিরা বিহারের নালন্দা জেলার জংহারো গ্রামের বাসিন্দা। তাঁরা ঝাড়খণ্ডের রাজরাপ্পায় অবস্থিত মা ছিন্নমস্তিকা মন্দিরে পূজা দিতে যাচ্ছিলেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে আহত ব্যক্তিসহ গাড়ির ১৪ আরোহীকে রামগড় সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা ১৩ জনকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুতগতির স্করপিওটি সামনে থাকা আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available