আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় যাতায়াতকারী জাহাজের ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। তবে অঞ্চলটিতে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি বহাল থাকবে বলে জানিয়েছে দেশটির মধ্যপ্রাচ্যভিত্তিক সামরিক কমান্ড সেন্টকম (সেন্ট্রাল কমান্ড)।
১৮ জুন বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সেন্টকম জানায়, আরব উপসাগর ও ওমান উপসাগরে অবস্থিত ইরানি বন্দরগুলোতে প্রবেশ বা সেখান থেকে বের হওয়া বাণিজ্যিক ও অন্যান্য নৌযানের চলাচলে মার্কিন বাহিনী আর কোনো বাধা দেবে না।
তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের সঙ্গে হওয়া সাম্প্রতিক সমঝোতার শর্তগুলো যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা পর্যবেক্ষণের জন্য ওই অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ ও নৌবাহিনীর উপস্থিতি বজায় থাকবে।
সাম্প্রতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে ওয়াশিংটনের এ সিদ্ধান্তকে আঞ্চলিক সামুদ্রিক বাণিজ্য ও আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে সমঝোতার বিস্তারিত শর্ত বা বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো অতিরিক্ত তথ্য প্রকাশ করেনি সেন্টকম।
এর আগে বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভার্চুয়াল মাধ্যমে একটি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে যুদ্ধবিরতি, লেবানন পরিস্থিতিতে সহযোগিতা, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের মতো বিষয়গুলো বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়।
তবে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং তেহরানের ওপর আরোপিত মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি। এসব ইস্যুতে সমাধানে পৌঁছাতে উভয় পক্ষ আগামী ৬০ দিনের মধ্যে নতুন করে আলোচনা চালাবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: আলজাজিরা
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available