নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আগামী দিনে আরও গভীর ও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানকে লেখা এক চিঠিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এই অভিনন্দন জানান।


১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঢাকার ব্রিটিশ হাইকমিশন চিঠিটি প্রকাশ করেছে।
শুভেচ্ছা বার্তায় স্টারমার উল্লেখ করেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও ঐতিহাসিক সম্পর্ক পারস্পরিক সহযোগিতা, জনগণের বন্ধন এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। তিনি বিশ্বাস করেন, নতুন নেতৃত্বে এই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।
চিঠিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশে অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগকারী হিসেবে যুক্তরাজ্য বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি অবৈধ অভিবাসন মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধ এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়ে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করে স্টারমার জানান, এ বিষয়ে যুক্তরাজ্যের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে। এই চিঠির মাধ্যমে দুই দেশের অংশীদারিত্বের একটি নতুন অধ্যায় শুরু হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available