আন্তর্জাতিক ডেস্ক: ইরান যুদ্ধ ইস্যুতে ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৪ নভেম্বর বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ডেমোক্র্যাটরা তার সঙ্গে যোগাযোগ করেছে। ফলে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা সম্ভব বলে মনে করছেন তিনি। তবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থানও পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প।
ট্রাম্পের দাবি, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যাবে না। এ লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ সফল হয়েছে বলেও দাবি করেন তিনি। খবর শাফাক নিউজের।
ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ভালো কাজ করেছে এবং হরমুজ প্রণালি এখন উন্মুক্ত। তার দাবি, মার্কিন বাহিনী ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করেছে। তাই ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালনার ক্ষেত্রে তিনি ভিন্ন কোনো সিদ্ধান্ত নিতেন না।
ইরান যুদ্ধের প্রভাব মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে পড়তে পারে বলেও স্বীকার করেন ট্রাম্প। তবে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাকেই তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করেন।
ট্রাম্পের ভাষ্য, সংঘাতের কারণে জ্বালানির দাম সাময়িকভাবে কিছুটা বেড়েছে। তবে তিনি আগে ধারণা করেছিলেন, তেলের দাম আরও অনেক বেশি বাড়বে। সুযোগ পেলে আবারও একই সিদ্ধান্ত নিতেন বলেও জানান তিনি।
এ ছাড়া যেসব পদক্ষেপে তার আপত্তি রয়েছে, সেগুলোতে ভেটো দেওয়ার ক্ষমতা নিজের রয়েছে বলে উল্লেখ করেন ট্রাম্প। তবে ডেমোক্র্যাটরা বাধা সৃষ্টি না করলে তাদের সঙ্গে সমঝোতায় পৌঁছানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে ইরান যুদ্ধ দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছেন সিনেটে ডেমোক্র্যাটদের নেতা চাক শুমার। তার অভিযোগ, যুদ্ধের লক্ষ্য সম্পর্কে ট্রাম্প মার্কিন জনগণকে স্পষ্ট করে কিছু জানাননি। বরং সংঘাত নিয়ে বারবার নিজের অবস্থান পরিবর্তন করেছেন।
এক সংবাদ সম্মেলনে শুমার বলেন, “ট্রাম্পের অবস্থান এক দিন থেকে আরেক দিন, এমনকি এক মিনিট থেকে পরের মিনিটেই বদলে যায়। এই যুদ্ধ বন্ধ করতে হবে।”
অন্যদিকে, বুধবার হোয়াইট হাউসের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি পোস্ট নিয়েও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। পোস্টে ট্রাম্পের একটি ছবি দিয়ে লেখা হয়, ‘ট্রাম্প এখনো আপনাদের প্রেসিডেন্ট।’
পোস্টটি প্রকাশের দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজারো ব্যঙ্গাত্মক মন্তব্য আসে।
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available