আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ধারাবাহিক হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন ৩৯ বছর বয়সী চ্যাড হিকম্যানও পরে মৃত অবস্থায় পাওয়া গেছে। ১৪ আগস্ট শুক্রবার অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলের মিসককি কাউন্টিতে এ ঘটনা ঘটে।
মিশিগান স্টেট পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে একটি বাড়িতে হামলার খবর পেয়ে কর্মকর্তারা সেখানে যান। ঘটনাস্থলে তিনজনকে মৃত এবং একজনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সন্দেহভাজন হিকম্যান পালিয়ে যান। এরপর তাকে ধরতে ব্যাপক অভিযান শুরু হয়। অভিযানের সময় মিসককি কাউন্টির আরেকটি বাড়িতে আরও একজনের মরদেহ পাওয়া যায়।
পরে হুইটলক লেকের কাছে একটি বনাঞ্চলে হিকম্যানের গাড়ির সন্ধান পায় পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে হিকম্যান এবং আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। ফলে হামলার ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ায় পাঁচজনে; সন্দেহভাজন হিকম্যানও মারা গেছেন।
মিশিগান স্টেট পুলিশের লেফটেন্যান্ট অ্যাশলি মিলার বলেন, ঘটনাটি স্থানীয় সম্প্রদায়ের জন্য অত্যন্ত হৃদয়বিদারক এবং তদন্তে যুক্ত কর্মকর্তাদের জন্যও চ্যালেঞ্জিং। তদন্তকারীরা একাধিক ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে ঘটনার পুরো বিষয়টি খতিয়ে দেখছেন।
তবে হামলার উদ্দেশ্য এবং নিহত ব্যক্তিদের সঙ্গে সন্দেহভাজনের সম্পর্ক সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি পুলিশ। নিহতদের নাম ও বয়সও পরিবারের সদস্যদের অবহিত না করা পর্যন্ত প্রকাশ করা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থলগুলো এড়িয়ে চলার অনুরোধ করেছে পুলিশ। তদন্ত অব্যাহত রয়েছে।
সূত্র: এবিসি নিউজ
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available