• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:৫৫:০২ (27-Nov-2026)
  • - ৩৩° সে:

ঝড়ে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল, বিদ্যুৎহীন প্রায় ১০ লাখ মানুষ

২৭ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৪১:০৪

ঝড়ে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল, বিদ্যুৎহীন প্রায় ১০ লাখ মানুষ
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাসে দেশটির মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে ব্যাহত হয়েছে স্বাভাবিক জীবনযাত্রা। ঝড়ের কারণে ৪ শতাধিক ফ্লাইট বাতিল, দুই হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত এবং ৯ লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। বৈরী আবহাওয়ার কারণে ১০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো পিছিয়ে দেওয়া হয়েছে নিউইয়র্কের বিখ্যাত ম্যাসিস থ্যাংকসগিভিং প্যারেড।

স্থানীয় সময় ২৬ নভেম্বর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে আঘাত হানে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়। বার্তাসংস্থা আনাদোলু, বিবিসি ও এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ঝড়ের প্রভাবে ছুটির মৌসুমের অন্যতম ব্যস্ত দিনে সড়ক ও আকাশপথে যাতায়াত ব্যাহত হয়।

বিদ্যুৎ বিভ্রাটের তথ্য সরবরাহকারী ওয়েবসাইটের হিসাব অনুযায়ী, পেনসিলভানিয়া, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমান চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটে। ফ্লাইটের তথ্য সরবরাহকারী ওয়েবসাইটের হিসাবে, ৪০০টির বেশি ফ্লাইট বাতিল এবং দুই হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। এর বেশিরভাগই পূর্বাঞ্চলের।

আরও পড়ুন

ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে নতুন করে হুঁশিয়ারি ট্রাম্পের

প্রতি বছর ম্যানহাটনের প্রাণকেন্দ্রে বিশাল রঙিন বেলুন নিয়ে আয়োজন করা হয় ম্যাসিস প্যারেড। আয়োজকেরা জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে প্যারেডটি পিছিয়ে আগামী শনিবার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টানা তিন বছর বাতিল হওয়া ছাড়া থ্যাংকসগিভিংয়ের বৃহস্পতিবারে এ আয়োজন বন্ধ রাখার আর কোনো নজির নেই।

ম্যাসিস প্যারেডের নির্বাহী প্রযোজক উইল কস বলেন, ‘প্যারেড পিছিয়ে দেয়ায় আমরা ভীষণ হতাশ। তবে আমাদের সহযোগী, অংশগ্রহণকারী এবং দর্শকদের নিরাপত্তা সব সময়ই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

আয়োজকেরা ১৯৯৭ সালের একটি দুর্ঘটনার কথাও বিবেচনায় রেখেছেন। সে বছর ঝোড়ো বাতাসে ১৮ ফুট উঁচু ‘ক্যাট ইন দ্য হ্যাট’ চরিত্রের একটি বেলুন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কবাতির ওপর পড়ে যায়। এতে একজন দর্শক জ্ঞান হারিয়েছিলেন।

আরও পড়ুন

কুয়েতে হামলায় ইরানের সম্পৃক্ততা নেই, তদন্তে সহযোগিতা করবে তেহরান

এদিকে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের বিভিন্ন এলাকায় বন্যার খবর পাওয়া গেছে। প্রবল বাতাস ও অতিবৃষ্টিতে মাটি নরম হয়ে অনেক গাছ উপড়ে বিদ্যুতের তার ও বাড়িঘরের ওপর পড়েছে। ওয়াশিংটনের আশপাশের মেরিল্যান্ড এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে পানি শোধন ও সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কর্মকর্তারা। এ কারণে প্রায় ২০ লাখ গ্রাহককে কলের পানির ব্যবহার কমানোর অনুরোধ জানানো হয়েছে।

প্রবল বাতাসের কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধ করে দেওয়া হয়েছে। অপ্রয়োজনে সড়কে চলাচল না করার পরামর্শ দিয়েছেন কর্মকর্তারা। ঝড়ের আশঙ্কায় বুধবার নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করেন অঙ্গরাজ্যটির গভর্নর মিকি শেরিল।

এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘নিজেদের ইলেকট্রনিক যন্ত্রগুলো চার্জ দিয়ে রাখুন, বিদ্যুৎ বিভ্রাটের খবর সরাসরি বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানে জানান এবং ছিঁড়ে পড়া বিদ্যুতের তার থেকে দূরে থাকুন।’

আরও পড়ুন

কুয়েতে ইরানের ড্রোন হামলায় রাইনমেটালের দুই ইতালীয় কর্মী নিহত

ঝড়ের মধ্যেও অনেকে নিজেদের মতো করে থ্যাংকসগিভিং উদ্‌যাপন করেছেন। ঐতিহ্য অনুযায়ী, এ উৎসবে পরিবারের সদস্যরা একসঙ্গে ভোজে অংশ নেন। খাবারের মূল আকর্ষণ থাকে টার্কি। খ্যাতনামা শেফ হোসে আন্দ্রেস বিদ্যুৎ না থাকলেও রান্না ও উৎসব চালিয়ে যাওয়ার বার্তা দিয়ে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে মোমবাতির আলোয় সাজানো খাবারের টেবিল এবং গ্যাসের চুলায় রান্না করা গলদা চিংড়ি দেখা যায়। ভিডিওর সঙ্গে তিনি লেখেন, ‘বিদ্যুৎ নেই? কোনো সমস্যা নেই।’

এদিকে ঝড়ের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলেও। ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও বড় ঢেউয়ের কারণে বন্যা ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কিছু এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

পেনসিলভানিয়ায় সবচেয়ে বেশি বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অঙ্গরাজ্যটিতে ২ লাখ ৩৫ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। নিউ জার্সিতে ১ লাখ ৮০ হাজার, মেরিল্যান্ডে ১ লাখ ৫৬ হাজার এবং ভার্জিনিয়ায় ১ লাখ ৩২ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন ছিলেন।

আরও পড়ুন

হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে: আইআরজিসি

বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় সংযোগ পুনরুদ্ধারে কাজ করছে। তবে ঝোড়ো বাতাস, বন্যা ও সড়ক বন্ধ থাকায় মেরামতকাজ ব্যাহত হচ্ছে। কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে কয়েক দিন সময় লাগতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ