আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ অনুপ্রবেশ করেছে হ্যাকাররা। এতে দেশটির সামরিক কৌশলগত পরিকল্পনা, কর্মীদের ব্যক্তিগত তথ্য, বেতন ও সরবরাহব্যবস্থাসহ বিপুল পরিমাণ সংবেদনশীল তথ্য ঝুঁকিতে পড়েছে। তবে হ্যাকাররা কোনো তথ্য চুরি করেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
২৭ নভেম্বর শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তির বরাত দিয়ে রয়টার্স জানায়, গত এক মাসের মধ্যে ক্লাউড ওয়ান প্ল্যাটফর্মের কারিগরি উন্নয়নের কাজ চলার সময় অনুপ্রবেশের বিষয়টি শনাক্ত হয়। এ ঘটনার পর প্ল্যাটফর্মটির বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে। তবে হ্যাকারদের পরিচয়, অনুপ্রবেশের পূর্ণ পরিসর কিংবা কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।
রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন বিমানবাহিনী জানায়, নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক ও সিস্টেমের নিরাপত্তাব্যবস্থা, দুর্বলতা বা কার্যক্রমের অবস্থা নিয়ে তারা মন্তব্য করে না। বিমানবাহিনীর তথ্য, সিস্টেম ও মিশন পরিচালনার সক্ষমতা সুরক্ষায় নিয়মিত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।
ক্লাউড ওয়ানের গুরুত্ব কতটা
২০১৭ সালে চালু হওয়া ক্লাউড ওয়ানের লক্ষ্য ছিল মার্কিন বিমানবাহিনীর তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত সব প্রয়োজন একটি প্ল্যাটফর্মের মাধ্যমে পূরণ করা। এ জন্য মাইক্রোসফট, অ্যামাজন, ওরাকল ও অ্যালফাবেটের (গুগলের মূল প্রতিষ্ঠান) প্রযুক্তিগত সেবা একত্র করা হয়।
এই প্ল্যাটফর্মের মাধ্যমে কর্মীদের তথ্য ও বেতন ব্যবস্থাপনা, সরবরাহ এবং রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য অসংখ্য অ্যাপ্লিকেশন পরিচালিত হয়।
এর মধ্যে রয়েছে বিমানবাহিনীর ‘ক্লাউড-বেজড কমান্ড অ্যান্ড কন্ট্রোল’ ব্যবস্থা। এর মাধ্যমে উত্তর আমেরিকার বিভিন্ন এলাকার আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য উৎস থেকে পাওয়া তথ্য সমন্বয় করা হয়।
এ ছাড়া রয়েছে ‘থিয়েটার ইন্টিগ্রেটেড কমব্যাট মিউনিশনস সিস্টেম’। এই ব্যবস্থায় বিশ্বের ২০০টিরও বেশি স্থানে মার্কিন বিমানবাহিনীর নিয়ন্ত্রণে থাকা বোমা ও ক্ষেপণাস্ত্রের হিসাব রাখা হয়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাউড ওয়ান মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে বড় ক্লাউড প্ল্যাটফর্মগুলোর একটি। ২০২৫ সাল পর্যন্ত এর প্রধান ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল এসএআইসি। পরে দায়িত্ব নেয় লেইডোস।
এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্স যোগাযোগ করলেও এসএআইসি কোনো জবাব দেয়নি। লেইডোস প্রশ্নের জন্য বিমানবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে বলেছে।
একটি সূত্র রয়টার্সকে বলেন, ‘এখানে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা বেশ গুরুতর।’
তদন্তে যুক্ত মার্কিন সাইবার কমান্ড
হামলার ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্তকারীরা মার্কিন সামরিক বাহিনীর সাইবার শাখা ‘সাইবার কমান্ড’-এর সহায়তা নিয়েছেন বলে জানিয়েছেন একটি সূত্র। তবে এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও সাইবার কমান্ড কোনো জবাব দেয়নি।
হ্যাকিংয়ের ঘটনা শনাক্ত হওয়ার পর ক্লাউড ওয়ানের বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন ঘটে। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, প্ল্যাটফর্মটিতে প্রশাসনিক ও দাপ্তরিক অ্যাপ্লিকেশন স্থানান্তরের কাজ স্থগিত রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে এই স্থানান্তর কার্যক্রম মার্কিন সামরিক বাহিনীর অন্যতম অগ্রাধিকার ছিল।
এ ছাড়া ক্লাউড ওয়ানে আগে থেকেই চালু থাকা অ্যাপ্লিকেশনগুলোর আপডেট করার প্রক্রিয়াও বন্ধ রাখা হয়েছে। ফলে প্রযুক্তি খাতে নতুন করে বেশ কিছু গুরুতর সফটওয়্যার দুর্বলতার তথ্য প্রকাশিত হলেও বিমানবাহিনীর কর্মীরা প্রয়োজনীয় নিরাপত্তা সংশোধনী প্রয়োগ করতে পারছেন না।
পঞ্চম একটি সূত্র জানিয়েছে, কয়েকজন ব্যবহারকারীর ‘অ্যাডমিন অ্যাক্সেস’ বা প্রশাসনিক প্রবেশাধিকার বাতিল করা হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত পাঁচ ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সের সঙ্গে কথা বলেছেন।
সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগিয়ে অনুপ্রবেশ
একটি সূত্রের দাবি, সাইবার হামলাকারীরা একটি সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগিয়ে সিস্টেমের নিয়ন্ত্রণ স্তর বা ‘কন্ট্রোল প্লেন’-এ প্রবেশ করে।
ওই সূত্র কন্ট্রোল প্লেনকে একটি সর্বজনীন রিমোট কন্ট্রোলের সঙ্গে তুলনা করেন। কারণ, তাত্ত্বিকভাবে এই স্তরে প্রবেশের সুযোগ পেলে হামলাকারীরা সামরিক উড়োজাহাজের কার্যক্রম কিংবা খুচরা যন্ত্রাংশের চলাচল পর্যবেক্ষণ করতে পারে। তবে এবারের ঘটনায় হ্যাকাররা এমন কিছু করেছে কি না, তা স্পষ্ট নয়।
হ্যাকাররা ঠিক কোন সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগিয়েছে, তা শনাক্ত করতে পারেনি রয়টার্স।
মার্কিন সরকারি সংস্থায় একের পর এক সাইবার হামলা
ক্লাউড ওয়ানে হ্যাকিংয়ের ঘটনা এমন এক সময়ে সামনে এল, যখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সাইবার অনুপ্রবেশের ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে ক্লাউডভিত্তিক নেটওয়ার্কের ক্ষেত্রে এ ধরনের ঝুঁকি গুরুতর বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মার্কিন সরকারের বিভিন্ন সংস্থা একাধিক সাইবার হামলার ক্ষয়ক্ষতি সামাল দিতে ব্যস্ত রয়েছে। এর মধ্যে রয়েছে এফবিআইয়ের ওপর দুটি হামলা, পেন্টাগনের ডেটাবেসে আগের একটি হ্যাকিং, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কর্মীদের তথ্য ফাঁস, অন্তত দুটি গোয়েন্দা সংস্থাকে প্রভাবিত করা একটি নিরাপত্তা লঙ্ঘন এবং অর্থ মন্ত্রণালয়ে সাইবার হামলা।
তবে ক্লাউড ওয়ান যে দীর্ঘদিন ধরেই হ্যাকারদের লক্ষ্যবস্তু, তার ইঙ্গিত পাওয়া যায় ২০২৩ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে। অনলাইন সংবাদমাধ্যম ফেডস্কুপে প্রকাশিত ওই নিবন্ধে ক্লাউড ওয়ানের কর্মকর্তারা প্ল্যাটফর্মটিতে অনুপ্রবেশের ‘অবিশ্বাস্যসংখ্যক’ চেষ্টা প্রতিহত করার ক্ষেত্রে নিজেদের ‘শতভাগ সফল’ বলে দাবি করেছিলেন।
তারা লিখেছিলেন, ‘নিরাপত্তার ক্ষেত্রে ভুলের কোনো সুযোগ নেই।’
এটিভি/এসআইআর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available