• ঢাকা
  • |
  • বুধবার ১লা আশ্বিন ১৪৩৩ সকাল ১০:০০:২০ (16-Sep-2026)
  • - ৩৩° সে:

ইয়েমেনে সংঘাতে লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

১৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪৬:২৯

ইয়েমেনে সংঘাতে লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের পশ্চিম উপকূলে হুথি ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীর মধ্যে চলমান সংঘাতে এক লাখের বেশি মানুষ দেশের ভেতরেই বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। একই সঙ্গে নিরাপত্তার খোঁজে হাজারো মানুষ ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে বাব আল-মান্দেব প্রণালি পাড়ি দিয়ে জিবুতিতে পৌঁছানোর চেষ্টা করছে। খবর আল জাজিরার।

১৫ সেপ্টেম্বর মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে ইউএনএইচসিআর জানায়, ইয়েমেনের পশ্চিম উপকূলে দ্রুত বাড়তে থাকা সহিংসতায় বাস্তুচ্যুতির সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। পরিস্থিতির আরও অবনতি হলে নতুন করে বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হওয়ার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর ওপরও চাপ বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

বাস্তুচ্যুত পরিবারগুলোর জরুরি সহায়তায় ইউএনএইচসিআরের তাৎক্ষণিকভাবে প্রায় ১ কোটি ৪০ লাখ ডলার অতিরিক্ত অর্থ প্রয়োজন। আশ্রয়, খাবার, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও সুরক্ষা সেবাই এখন বাস্তুচ্যুতদের প্রধান প্রয়োজন বলে জানিয়েছে সংস্থাটি।

সংস্থাটি জানায়, অনেক পরিবারকে অল্প সময়ের নোটিশে ঘর ছাড়তে হয়েছে। ফলে তারা সঙ্গে প্রয়োজনীয় সামগ্রীও নিতে পারেনি। এরই মধ্যে আশ্রয়কেন্দ্র ও স্থানীয় জনগোষ্ঠীর ওপর চাপ বাড়ছে।

এদিকে ইয়েমেন থেকে পালিয়ে জিবুতিতে পৌঁছানোর সংখ্যাও দ্রুত বাড়ছে। গত কয়েক দিনে দুই হাজারের বেশি মানুষ বাব আল-মান্দেব প্রণালি পাড়ি দিয়ে জিবুতিতে পৌঁছেছে বলে আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের সংস্থাগুলোর তথ্য থেকে জানা গেছে। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

ইয়েমেনে বসবাসরত ৬৫ হাজারের বেশি নিবন্ধিত শরণার্থী ও আশ্রয়প্রার্থীও সংঘাতের কারণে ঝুঁকিতে পড়েছেন বলে ইউএনএইচসিআর জানিয়েছে। তাদের বড় একটি অংশ সোমালিয়া ও ইথিওপিয়ার নাগরিক।

সাম্প্রতিক সময়ে হুথিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বড় অংশ এবং বাব আল-মান্দেবের আশপাশের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা ও দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে। এর ফলে পশ্চিম উপকূলে সংঘাত আরও তীব্র হয়েছে এবং ব্যাপক বাস্তুচ্যুতি তৈরি হয়েছে।

বাব আল-মান্দেব লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করা গুরুত্বপূর্ণ নৌপথ। অঞ্চলটিতে সাম্প্রতিক সংঘাতের কারণে বাণিজ্যিক ও জ্বালানি পরিবহনে এর গুরুত্ব আরও বেড়েছে।

ইউএনএইচসিআর সতর্ক করেছে, নিরাপত্তাহীনতা, যোগাযোগব্যবস্থায় বিঘ্ন এবং চলাচলে বিধিনিষেধের কারণে মানবিক সহায়তা পৌঁছানোও কঠিন হয়ে পড়ছে। সংঘাত অব্যাহত থাকলে ইয়েমেনের মানবিক পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

সূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


২৪ ঘণ্টায় ৩ মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান
২৪ ঘণ্টায় ৩ মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান
১৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:৪৪:৪২








লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি
১৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪০:৫৭