অনলাইন ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করার দুই বছরপূর্তি উপলক্ষ্যে আগামী ৫ আগস্ট দেশজুড়ে বড় ধরনের বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটির সংসদীয় বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, এবারের ৫ আগস্টের বিক্ষোভ আগের সব কর্মসূচির তুলনায় একদম ভিন্ন ধরনের হবে।
সংসদীয় বৈঠকে পিটিআইয়ের আইনপ্রণেতারা সর্বসম্মতিক্রমে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির কারাবন্দিত্বের তীব্র নিন্দা জানিয়েছেন। দলটির দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে অন্যায়ভাবে ইমরান খানকে আটকে রাখা হয়েছে। বিভিন্ন মামলার বিষয়ে দলটি আদালতের শরণাপন্ন হলেও এখনো অনেক গুরুত্বপূর্ণ রায় ঝুলে আছে। রাজনৈতিক কমিটি ও বিরোধী জোটের সঙ্গে আলোচনা করে পিটিআই খুব দ্রুতই তাদের পরবর্তী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করবে বলে জানা গেছে।
এদিকে ইমরান খানের বোন আলিমা খানও তার ভাইয়ের মুক্তির দাবিতে আন্দোলন আরও জোরদার করার জন্য দলীয় নেতাকর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি দলের আইনপ্রণেতাদের সরকারবিরোধী আন্দোলনে আরও সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দেন। ২০২৩ সালের ৫ আগস্ট রাষ্ট্রীয় উপহার বিক্রির মামলায় তিন বছরের কারাদণ্ড হওয়ার পর ইমরান খানকে গ্রেফতার করা হয়েছিল। এরপর থেকে তিনি কারাগারেই আছেন এবং তার বিরুদ্ধে আনা সব অভিযোগ তিনি বরাবরই অস্বীকার করে আসছেন।
দীর্ঘদিন ধরে কারাগারে থাকা এই নেতার স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তার পরিবার ও দল। পিটিআইয়ের অভিযোগ, কারাগারে ইমরান খানকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও মৌলিক সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না। সম্প্রতি চোখের চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হলে জানা যায়, তিনি ‘সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন’ নামের একটি মারাত্মক চোখের সমস্যায় ভুগছেন। চিকিৎসকরা ইতিমধ্যে তার চোখে পঞ্চমবারের মতো বিশেষ ইনজেকশন দিয়েছেন। উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত এই রোগের কারণে ইমরান খানের দৃষ্টিশক্তি গুরুতর হুমকির মুখে রয়েছে।
সূত্র: দেশ রুপান্তর
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available