• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে আষাঢ় ১৪৩৩ সকাল ১০:৩৫:২৪ (13-Jul-2026)
  • - ৩৩° সে:

ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭

১৩ জুলাই ২০২৬ সকাল ০৮:৫৩:২৮

ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি জনপ্রিয় বার ও বিনোদনকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬০ জনের বেশি, যাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত নয়। তবে ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ১২ জুলাই রোববার দিবাগত মধ্যরাতের পরপরই চাতুচাক এলাকার স্থানীয়ভাবে ‘রং বিয়ার না লাত ফ্রাও’ নামে পরিচিত বারটিতে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। তবে এর আগেই ব্যাপক প্রাণহানি ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বারটির ভেতর থেকে দাউদাউ করে আগুন বের হচ্ছে। আতঙ্কিত মানুষ প্রাণ বাঁচাতে বাইরে ছুটে আসছেন। কেউ চিৎকার করছেন, কেউ ধোঁয়ার মধ্যে আটকা পড়ছেন।

ঘটনাস্থল পরিদর্শনের পর থাই প্রধানমন্ত্রী অনুতিন চানভিরাকুল জানান, এখন পর্যন্ত ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৯ জন পুরুষ ও ১৮ জন নারী রয়েছেন। এছাড়া কয়েকজন এখনও নিখোঁজ বলে জানিয়েছে থাইরাথ।

প্রধানমন্ত্রী জানান, আগুন লাগার সময় বারে গান পরিবেশন করছিলেন এমন এক সংগীতশিল্পীর সঙ্গে তিনি কথা বলেছেন। তার ভাষ্য অনুযায়ী, বৈদ্যুতিক কাট-আউট সুইচে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। ধোঁয়া ও আগুনের কারণে অনেকেই পেছনের দিকে ছুটে গিয়ে টয়লেটে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। সেখান থেকেই অধিকাংশ মরদেহ উদ্ধার করা হয়েছে।

ব্যাংককের গভর্নর চাচার্ত সিত্তিপুন্ট জানান, বারটির অভ্যন্তরে দাহ্য উপকরণ দিয়ে সাজসজ্জা করায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়া প্রাথমিক তদন্তে জানা গেছে, কিছু টেবিল জরুরি নির্গমনপথ আংশিকভাবে আটকে রেখেছিল। তবে বিষয়টি নিশ্চিত হতে ফরেনসিক তদন্ত চলছে।

স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে পথ দিয়ে যাওয়ার সময় এক চালক বারটিতে আগুন দেখতে পেয়ে দমকল বিভাগকে খবর দেন। পরে তিনি নিজের গাড়ি থেকে নেমে জানালার কাচ ভেঙে অন্তত দুজনকে উদ্ধার করতেও সহায়তা করেন।

সূত্র: বিবিসি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us