আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সাম্প্রতিক হামলায় এশিয়াজুড়ে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনে দাবি করা হয়েছে, অন্তত ১৩টি মার্কিন ঘাঁটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে এবং অনেক স্থানে সেনারা অস্থায়ী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, কুয়েতে অবস্থিত কয়েকটি গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে পোর্ট শুয়াইবা, আলি আল সালেম বিমান ঘাঁটি এবং বুয়েরিং সামরিক ঘাঁটির উল্লেখ করা হয়েছে, যেগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞের দাবি করা হয়েছে।


তবে এই দাবিগুলো নিয়ে ভিন্নমত রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বরাবরের মতোই ইরানের এমন দাবিকে ‘অতিরঞ্জিত’ বা ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছে। এখন পর্যন্ত মার্কিন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করা হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, যা মার্কিন সেন্ট্রাল কমান্ডের আঞ্চলিক সদর দপ্তর, সেখানে থাকা গুরুত্বপূর্ণ রাডার ব্যবস্থাও হামলার শিকার হয়েছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর এবং সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতেও হামলার খবর উঠে এসেছে।
এর আগে ইরান উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে সতর্ক করে বলেছিল, তারা যদি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সহযোগিতা করে, তাহলে তাদেরও লক্ষ্যবস্তু করা হবে। সেই প্রেক্ষাপটে সাম্প্রতিক হামলাগুলো আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।
এদিকে, আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানের কয়েক সপ্তাহের মধ্যেই অঞ্চলটিতে মার্কিন সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বিমান হামলায় ইতোমধ্যে হাজার হাজার লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
বর্তমানে অঞ্চলে মার্কিন নৌবাহিনীর বিভিন্ন স্ট্রাইক গ্রুপ সক্রিয় রয়েছে, যার মধ্যে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন উল্লেখযোগ্য। পাশাপাশি নতুন করে মেরিন বাহিনী ও প্যারাট্রুপার মোতায়েন অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।
বিশ্লেষকদের মতে, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং মার্কিন ঘাঁটিগুলোর প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা এই সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে। একই সঙ্গে ক্রমবর্ধমান সামরিক মোতায়েন ইঙ্গিত দিচ্ছে, পরিস্থিতি আরও জটিল ও দীর্ঘস্থায়ী হতে পারে।
সূত্র: নিউইয়র্ক টাইমস, আল জাজিরা, রয়টার্স
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available