আন্তর্জাতিক ডেস্ক: কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌমাইনের আঘাতে দুটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৫ নভেম্বর বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী। খবর রয়টার্সের।
বিবৃতিতে জানানো হয়, জাহাজ দুটি হরমুজ প্রণালির একটি অননুমোদিত রুট ব্যবহার করে চলাচলের চেষ্টা করছিল। এ সময় সেগুলো নৌমাইনের সংস্পর্শে এলে বিস্ফোরণ ঘটে এবং জাহাজগুলোতে আগুন ধরে যায়।
এদিকে, বুধবার পৃথক এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেন, হরমুজ প্রণালিতে নজরদারি ও নিয়ন্ত্রণ আরও জোরদার করতে সামরিক বাহিনী নতুন কিছু ব্যবস্থা মোতায়েন করেছে এবং আগের ব্যবস্থাগুলো আধুনিকায়ন করা হয়েছে।
তিনি সতর্ক করে আরও জানান, ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয় না করে যেসব জাহাজ প্রণালিটি অতিক্রমের চেষ্টা করছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সেগুলোই বেশি ঝুঁকির মুখে পড়ছে এবং নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অন্যদিকে, তেহরান স্পষ্ট জানিয়েছে যে তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরায় চালু করা হবে না। ইরানের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—দেশটির বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং সব ফ্রন্টে চলমান যুদ্ধের অবসান।
এ ছাড়া কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো এক প্রস্তাবে ইরান জানিয়েছে, ওয়াশিংটন তাদের শর্তগুলো মেনে নিলে ৪৮ ঘণ্টার মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে।
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available