• ঢাকা
  • |
  • শনিবার ৩রা শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৫:৪৭:৩৫ (18-Jul-2026)
  • - ৩৩° সে:

মার্কিন হামলায় পানিবঞ্চিত ইরানের ১০ হাজার মানুষ

১৮ জুলাই ২০২৬ বিকাল ০৪:০৭:২৮

মার্কিন হামলায় পানিবঞ্চিত ইরানের ১০ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে টানা সাত দিন ধরে মার্কিন হামলা অব্যাহত রয়েছে। সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক অবকাঠামোও এ হামলার লক্ষ্যবস্তু হয়েছে। সর্বশেষ দেশটির দক্ষিণাঞ্চলের একটি পানি শোধনাগারে হামলার ফলে অন্তত ২০টি গ্রামের প্রায় ১০ হাজার বাসিন্দা সুপেয় পানির সংকটে পড়েছেন।

১৮ জুলাই শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হরমোজগান ওয়াটার অ্যান্ড ওয়েস্টওয়াটার কোম্পানির প্রধান নির্বাহী হামজেহ পুর জানান, জাস্ক কাউন্টির উপকূলীয় বুঞ্জি গ্রামে অবস্থিত একটি পানি উত্তোলন ও পরিশোধন কেন্দ্রে মার্কিন বাহিনী হামলা চালায়। এতে সমুদ্র থেকে পানি তোলার পাম্পিং স্টেশন এবং পানি শোধনাগারের একটি বিদ্যুৎ ট্রান্সফরমার সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এর ফলে আশপাশের ২০টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ সুপেয় পানির সরবরাহ থেকে বঞ্চিত হন।

হামজেহ পুর এ ঘটনাকে যুক্তরাষ্ট্রের ‘ধারাবাহিক অপরাধ ও সন্ত্রাসী হামলার’ অংশ বলে অভিহিত করে বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বাসিন্দারা বর্তমানে তীব্র পানি সংকটের মুখোমুখি।

এদিকে ইরানের পাল্টা হামলার প্রেক্ষাপটে কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, একটি বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্রের অংশবিশেষে আগুন লাগার ঘটনা ঘটেছে। নিরাপত্তার স্বার্থে কয়েকটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হলেও জরুরি পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বিদ্যুৎ ও পানি সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় টানা সাত রাত ধরে ইরানে সামরিক অভিযান পরিচালনা করা হচ্ছে। ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যেই এ অভিযান দঅব্যাহত রয়েছে বলে দাবি করা হয়।

অন্যদিকে যুক্তরাষ্ট্রকে অবিলম্বে বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ইরান। দেশটির কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, মার্কিন হামলা অব্যাহত থাকলে ইরান পূর্ণমাত্রার যুদ্ধে যেতে বাধ্য হবে।

শুক্রবার রাতের হামলার পর এক প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেন, যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে গেলে ইরান কেবল পাল্টা জবাবেই সীমাবদ্ধ থাকবে না; প্রয়োজনে পূর্ণমাত্রার যুদ্ধে নামবে। সে ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের কোনো রাজনৈতিক সীমান্তই নিরাপদ থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








রংপুরে ইয়াবাসহ গ্রেফতার ১
রংপুরে ইয়াবাসহ গ্রেফতার ১
১৮ জুলাই ২০২৬ বিকাল ০৪:২৩:৪৩



Follow Us