• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে কার্তিক ১৪৩৩ সকাল ১০:৪৪:১৯ (06-Nov-2026)
  • - ৩৩° সে:

নির্বাচনে ভরাডুবির জের, ট্রাম্প প্রশাসনে রদবদলের গুঞ্জন

৬ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৩:৫১

নির্বাচনে ভরাডুবির জের, ট্রাম্প প্রশাসনে রদবদলের গুঞ্জন
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে সম্ভাব্য রদবদল নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দায়িত্ব ছাড়ার গুঞ্জন ছড়িয়েছে। তবে দুই মন্ত্রীর পদত্যাগের সম্ভাবনার খবর নাকচ করেছে হোয়াইট হাউস। খবর রয়টার্সের।

রিপাবলিকানদের নির্বাচনী বিপর্যয়ের পেছনে ইরান যুদ্ধের প্রভাব নিয়ে দলের ভেতরেই সমালোচনা বাড়ছে। বিশেষ করে যুদ্ধ পরিচালনায় হেগসেথের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন রিপাবলিকান নেতাদের একাংশ। এ পরিস্থিতিতে তাকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরানোর দাবি উঠেছে।

এমনকি কংগ্রেসের মেয়াদ শেষ হতে যাওয়া রিপাবলিকান সদস্য থমাস ম্যাসি আগামী সপ্তাহের শুরুতেই হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব উত্থাপনের উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে নিজের কর্মকাণ্ডের পক্ষে সাফাই গেয়ে এবং অভিশংসনের উদ্যোগের সমালোচনা করে ভিডিও বার্তা দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।

আরও পড়ুন

বেতন ও জীবনযাত্রার ব্যয় নিয়ে ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স

ভিডিও বার্তায় হেগসেথ বলেন, ‘আপনারা দেখছেন, তারা আমাকে আক্রমণ করছে, আমাদের আক্রমণ করছে। কারণ, আমরা কার্যকরভাবে কাজ করছি। এসব করে কোনো লাভ হবে না। আমরা পিছু হটব না।’

অন্যদিকে, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়ার কথা ভাবছেন—এমন খবরও অস্বীকার করেছেন মার্কো রুবিও। নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ট্রাম্পের মেয়াদের শেষ পর্যন্ত তাঁর প্রশাসনে কাজ করাই সব সময়ের পরিকল্পনা।

রুবিও বলেন, ‘আমি যে কাজ করছি, তা ভালোবাসি।’ পদ ছাড়ার গুঞ্জন নিয়ে হাস্যরস করে তিনি আরও বলেন, ‘তারা যখন বলে, তিনি চাকরি ছাড়তে যাচ্ছেন, তখন আমি সব সময় হাসি। ভাবি, কোন চাকরিটি?’

আরও পড়ুন

ডেমোক্র্যাটদের জয়ে এআই খাতে ধাক্কা, ধস যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে

রুবিওর দায়িত্ব ছাড়ার সম্ভাবনা নিয়ে প্রকাশিত প্রতিবেদনও নাকচ করেছে হোয়াইট হাউস ও মার্কিন পররাষ্ট্র দপ্তর। উভয় পক্ষই এসব খবরকে ‘ভুয়া সংবাদ’ বলে অভিহিত করেছে।

তবে হেগসেথের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তুলনামূলক বেশি। ইরান যুদ্ধের কারণে নির্বাচনে রিপাবলিকানদের ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। নির্বাচনের ফলাফলে প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে রিপাবলিকানরা।

এবিসি নিউজকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হেগসেথকে নিয়ে তিনি বিভিন্ন পক্ষের কাছ থেকে ফোন পেয়েছেন। তবে তাঁকে দায়িত্বে রাখার ‘পূর্ণ ইচ্ছা’ রয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুন

ইরানে সর্বাত্মক হামলা চালাতে নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক

৫ নভেম্বর বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ও হেগসেথের প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, ‘পিট হেগসেথ অসাধারণ কাজ করেছেন।’ এ সময় হেগসেথের সাফল্য হিসেবে গত জানুয়ারিতে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার এবং বর্তমানে নবম মাসে গড়ানো ইরান যুদ্ধের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।

তবে বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, হেগসেথের পাশাপাশি জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন কিংবা সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারকেও সরানোর কথা বিবেচনা করতে পারেন ট্রাম্প। আট মাস আগে শুরু হওয়া ইরান যুদ্ধে সামরিক কৌশল ও পরামর্শ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই দুই কর্মকর্তার।

এদিকে, ট্রাম্পের নিয়মিত সমালোচক হিসেবে পরিচিত রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের উদ্যোগ এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন। এবিসি নিউজকে তিনি জানিয়েছেন, আগামী সোমবার বা মঙ্গলবার এ প্রস্তাব উত্থাপনের উদ্যোগ নেবেন।

আরও পড়ুন

আত্মীয়স্বজনের অভাব, অনলাইনে দাওয়াত পেয়ে এতিম তরুণের বিয়েতে জনতার ঢল

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ম্যাসি সতর্ক করে বলেন, জানুয়ারিতে ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত নতুন কংগ্রেস দায়িত্ব নেওয়ার আগেই হেগসেথকে সরিয়ে দেওয়া উচিত প্রেসিডেন্টের। তাঁর ভাষ্য, ‘সিনেটে নতুন নিয়োগপ্রাপ্তদের অনুমোদন পাওয়ার সুযোগ থাকতে থাকতেই প্রেসিডেন্টের এটি করা উচিত।’

এদিকে, টেনেসির একটি শূন্য সিনেট আসনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ রয়েছে হেগসেথের—এমন গুঞ্জনও ছড়িয়েছে। তবে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের খবর পাওয়া যায়নি।

নিজের ভিডিও বার্তায় অভিশংসনের উদ্যোগকে ‘ভিত্তিহীন অভিশংসন প্রস্তাব’ বলে আখ্যা দেন হেগসেথ। তাঁর ভাষায়, একজন ‘হতাশ ও পরাজিত কংগ্রেস সদস্য’ এবং তাঁর ডেমোক্র্যাট মিত্ররা এ উদ্যোগ নিয়েছেন। ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির আওতায় প্রতিরক্ষা দপ্তর কী কী পদক্ষেপ নিয়েছে, তাও তুলে ধরেন তিনি।

আরও পড়ুন

ক্ষমতার বদলেও কমবে না মার্কিন শত্রুতা: মোজতবা খামেনি

হেগসেথের দাবি, তাঁর নেতৃত্বে সামরিক বাহিনীতে নিয়োগ বাড়ানো, প্রতিরক্ষা শিল্পের ভিত্তি পুনর্গঠন এবং বৈচিত্র্যভিত্তিক বিভিন্ন উদ্যোগ বাতিলের কাজ হয়েছে।

ডেমোক্র্যাটদের সমালোচনা করে তিনি বলেন, ‘তাদের নীতিগুলো কাজ করে না। তাই ক্ষমতার নামে রাজনৈতিক নাটক সাজানোর প্রতি তাদের এই আসক্তি প্রতিপক্ষকে ধ্বংস করার চেষ্টা চালাতে প্ররোচিত করছে। পুরো বিষয়টিই ব্যক্তিগতভাবে প্রতিপক্ষকে ধ্বংস করার রাজনীতি।’

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বায়ুদূষণে শীর্ষে লাহোর, চতুর্থ ঢাকা
বায়ুদূষণে শীর্ষে লাহোর, চতুর্থ ঢাকা
৬ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৪৩:৫২






আজকের রাশিফল (৬ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (৬ নভেম্বর ২০২৬)
৬ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৩৯:৫৬