স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের শেষ ষোল থেকেই বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের পরাজয়ের পর আবেগাপ্লুত হয়ে কেঁদেছিলেন দলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। সেই দৃশ্য বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদেরও নাড়া দিয়েছিল।
তবে বিশ্বকাপের হতাশা কাটিয়ে খুব বেশি সময় না যেতেই তিনি লাস ভেগাসে অংশ নেন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পোকার টুর্নামেন্টে। কিন্তু সেখানেও ভাগ্য সহায় হয়নি ব্রাজিলিয়ান এই তারকার।
শনিবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত ২০২৬ ওয়ার্ল্ড সিরিজ অব পোকারের ১০ হাজার ডলারের মেইন ইভেন্টে অংশ নেন নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে তাকে পোকার টেবিলে খেলতে দেখা যায়। তবে প্রতিযোগিতার প্রথম দিনেই (ডে-১) বিদায় নিতে হয় তাকে।
যদিও পেশাদার পর্যায়ের এই টুর্নামেন্টে এটি নেইমারের প্রথম অংশগ্রহণ নয়। এর আগে ২০২৫ সালের ওয়ার্ল্ড সিরিজ অব পোকারে তিনি চমক দেখিয়ে ফাইনাল টেবিল পর্যন্ত পৌঁছেছিলেন। কিন্তু এবার সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারেননি।
লাস ভেগাসে এই হতাশাজনক ফল আসে বিশ্বকাপে ব্রাজিলের ব্যর্থতার ঠিক পরপরই। গত ৫ জুলাই নরওয়ের কাছে শেষ ষোলের ম্যাচে হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন নেইমার। চোটে জর্জরিত থাকায় পুরো টুর্নামেন্টে তিনি বদলি খেলোয়াড় হিসেবে মাত্র দুটি ম্যাচে মাঠে নামেন। জাতীয় দলের হয়ে তার শেষ গোলটি আসে নরওয়ের বিপক্ষে অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে, যদিও সেটি পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।
এদিকে পোকারের প্রতি নেইমারের আগ্রহ নতুন নয়। দীর্ঘদিন ধরেই তিনি এই খেলার সঙ্গে যুক্ত। তবে তার এই শখ অতীতেও সমালোচনার জন্ম দিয়েছে। চলতি বছরের শুরুতে অভিযোগ ওঠে, সান্তোসের একটি ম্যাচে না খেলেও তিনি প্রায় ২৪ ঘণ্টা অনলাইন পোকার খেলায় ব্যস্ত ছিলেন। বিষয়টি ব্রাজিলের ফুটবল মহলে ব্যাপক বিতর্ক সৃষ্টি করে এবং তার পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন ওঠে।
বিশ্বকাপে স্বপ্নভঙ্গের পর পোকার টেবিলেও দ্রুত বিদায় সব মিলিয়ে ২০২৬ সালের গ্রীষ্মটা নেইমারের জন্য একের পর এক হতাশার গল্প হয়ে থাকল।
সূত্র: আরটিভি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available