স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ব্রাজিলের বিদায়ের পর প্রধান কোচ কার্লো আনচেলত্তির কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার ও বর্তমান টেলিভিশন বিশ্লেষক ফেলিপে মেলো। তার মতে, এই পরাজয়ের সবচেয়ে বড় দায় কোচেরই।
ব্রাজিলের ক্রীড়া সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তের বিশ্লেষণধর্মী অনুষ্ঠান সেলেসাও স্পোর্টিভে অংশ নিয়ে মেলো বলেন, কোচকে দোষ দেওয়া সহজ হলেও এই ক্ষেত্রে দায় এড়ানোর সুযোগ নেই।
তার ভাষায়, ‘আমরা ইতিহাসের অন্যতম সেরা একজন কোচকে দায়িত্ব দিয়েছি। তাই প্রথম দায়ও তারই। পরিকল্পনা তিনিই করেন, ফলে কোচ এবং তার কোচিং স্টাফকে অবশ্যই এই পরাজয়ের দায়িত্ব নিতে হবে।’
মেলোর মতে, ম্যাচের শুরু থেকেই নেইমারকে বেঞ্চে রাখা ছিল আনচেলত্তির বড় ভুল। লুকাস পাকেতার অনুপস্থিতিতে গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে শুরুর একাদশে রাখার সিদ্ধান্তও তিনি প্রশ্নবিদ্ধ করেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কোচের সিদ্ধান্ত আমি বুঝি, কিন্তু তাকে বাস্তবতাও বিবেচনায় নিতে হবে। আমি হলে শুরু থেকেই নেইমারকে খেলাতাম। হয়তো প্রথমার্ধেই সে পেনাল্টি থেকে গোল করত, আর তখন ম্যাচের চিত্রই ভিন্ন হতে পারত।’
উল্লেখ্য, নরওয়ের বিপক্ষে শেষ ষোলোতে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল। ম্যাচে নরওয়ের হয়ে জোড়া গোল করেন আর্লিং হালান্ড, আর অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে ব্রাজিলের একমাত্র গোলটি করেন নেইমার।
সূত্র: গ্লোবো এস্পোর্তে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available