• ঢাকা
  • |
  • বুধবার ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:৫৭:৪৯ (25-Nov-2026)
  • - ৩৩° সে:

বেলিংহামের জাদুতে পিএসভিকে ৫-১ গোলে হারাল রিয়াল

২৫ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১৫:১৮

বেলিংহামের জাদুতে পিএসভিকে ৫-১ গোলে হারাল রিয়াল
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: প্রথমার্ধে নিজেদের মাঠেই এক গোলে পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। বিরতির সময়ও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেনের হাতে। কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে গেল দৃশ্যপট। জুড বেলিংহাম মাঠে নামতেই মাঝমাঠে ফিরল নিয়ন্ত্রণ, আক্রমণে বাড়ল গতি। দুর্দান্ত এক ভলিতে গোল করে দলকে এগিয়ে দেওয়ার পাশাপাশি ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ইংলিশ মিডফিল্ডার। এরপর কিলিয়ান এমবাপের জোড়া গোল ও ভিনিসিয়ুস জুনিয়রের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

২৪ নভেম্বর মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের পঞ্চম ম্যাচে পিএসভিকে ৫-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে ইভান পেরিসিচের পেনাল্টি গোলে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে পাঁচ গোল করে দুর্দান্ত প্রত্যাবর্তন দেখায় স্বাগতিকেরা। রিয়ালের হয়ে একটি করে গোল করেন ফেদেরিকো ভালভার্দে, জুড বেলিংহাম ও ভিনিসিয়ুস জুনিয়র। বাকি দুটি গোল করেন এমবাপে।

এই জয়ে পাঁচ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে রিয়াল। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তাদের টানা দশম জয়।

আরও পড়ুন

ফেলিক্সের দুর্দান্ত বাইসাইকেল কিকে আল নাসরের জয়

অবশ্য প্রথমার্ধে রিয়ালের খেলায় এমন দাপুটে জয়ের কোনো আভাস ছিল না। বরং নিজেদের মাঠেই পিএসভির আক্রমণে বেশ কয়েকবার বিপদে পড়ে স্বাগতিকেরা।

শুরুর দিকে সুযোগ পেয়েছিলেন পিএসভির রুবেন ফন বোমেল। তবে তাঁর শট লক্ষ্যভ্রষ্ট হয়। কিছুক্ষণ পর রিয়ালের হয়ে গোলের কাছাকাছি পৌঁছান ভিনিসিয়ুস। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে।

এরপর ৩২ মিনিটে এগিয়ে যায় পিএসভি। নিজেদের বক্সে সেভেন মাইনান্সকে ফাউল করেন রিয়ালের অরেলিয়েন চুয়ামেনি। ভিডিও সহকারী রেফারির সহায়তায় রিপ্লে দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পটকিক থেকে গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন পেরিসিচ।

আরও পড়ুন

বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ: প্রথম ম্যাচেই ড্র গুকেশ-সিন্দারভের

গোল হজমের পরও প্রথমার্ধে খুব একটা সুবিধা করতে পারেনি রিয়াল। বরং ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল পিএসভি। শেষ পর্যন্ত এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

বিরতির সময় একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন রিয়াল কোচ হোসে মরিনহো। তাঁদের একজন ছিলেন বেলিংহাম। সামান্য শারীরিক সমস্যার কারণে ইংলিশ মিডফিল্ডারকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে দলের বিপদের সময় তাঁকে মাঠে নামাতে দেরি করেননি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে রিয়াল। ৫০ মিনিটে সমতা ফেরান ভালভার্দে। ভিনিসিয়ুসের শুরু করা আক্রমণে ইয়ান দিয়োমান্দের পাস পান আরদা গুলের। তুর্কি মিডফিল্ডারের দারুণ ব্যাকহিল পাস থেকে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান উরুগুয়ের এই মিডফিল্ডার।

আরও পড়ুন

আজ টিভিতে যেসব খেলা দেখা যাবে (২৫ নভেম্বর ২০২৬)

সমতায় ফিরেই আরও আক্রমণাত্মক হয়ে ওঠে রিয়াল। এর মধ্যে গুলের ও এমবাপের দুটি প্রচেষ্টা রুখে দেন পিএসভির গোলরক্ষক মাতেই কোভার। তবে ৬০ মিনিটে বেলিংহামের দুর্দান্ত এক গোলের সামনে অসহায় হয়ে পড়েন তিনি।

বক্সের প্রান্তে বল পেয়ে সেটি একটু উঁচুতে তুলে নেন বেলিংহাম। এরপর দুর্দান্ত এক ভলিতে দূরের পোস্ট ঘেঁষে বল জালে পাঠান তিনি। ঝাঁপিয়ে পড়েও বল আটকাতে পারেননি কোভার। এই গোলেই ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় রিয়াল।

ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ টেলিভিশনকে নিজের গোল নিয়ে বেলিংহাম বলেন, ‘জানি না কীভাবে করলাম। ভালো একটা জায়গায় বল পেয়েছিলাম। মনে হলো শট নেব। শট নিলাম, আর গোল হয়ে গেল।’

আরও পড়ুন

২৮ ছক্কায় ২০৪ রান করে রেকর্ডের পর রেকর্ড গড়লেন বৈভব সুরিয়াভানশি

তবে নিজের অসাধারণ গোলের চেয়ে দলের দ্বিতীয়ার্ধের পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দিয়েছেন ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার। তিনি বলেন, ‘দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি, কারণ সাধারণ কাজগুলো আরও ভালোভাবে করেছি। সবাই জানে, আমাদের দলে অসাধারণ কিছু করার সামর্থ্য আছে এমন অনেক খেলোয়াড় রয়েছে। কিন্তু কখনো কখনো সহজ কাজগুলো ঠিকঠাক করাই বেশি গুরুত্বপূর্ণ।’

বেলিংহামের গোলের চার মিনিট পরই ব্যবধান ৩-১ করেন এমবাপে। পিএসভির রক্ষণে বলের দখল হারানোর সুযোগ কাজে লাগিয়ে গুলেরের পাস থেকে গোল করেন ফরাসি ফরোয়ার্ড।

এটি ছিল চ্যাম্পিয়নস লিগে এমবাপের ৭৫তম গোল। চলতি মৌসুমে প্রতিযোগিতাটিতে রিয়ালের পাঁচ ম্যাচের প্রতিটিতেই গোল করেছেন তিনি।

আরও পড়ুন

টিভির পর্দায় আজকের খেলা

৮৪ মিনিটে আবারও পিএসভির জালে বল পাঠান এমবাপে। ব্রাহিম দিয়াজের পাস থেকে গোলরক্ষককে কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন ফরাসি তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৯-এ।

রিয়ালের গোল উৎসবের শেষ অধ্যায় আসে ৮৭ মিনিটে। বেলিংহামের বাড়ানো বল ধরে পিএসভির জালে শেষ পেরেকটি ঠুকে দেন ভিনিসিয়ুস। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোলেই ৫-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় রিয়ালের।

মৌসুমের শুরু থেকে নিজের সেরা ছন্দে ছিলেন না ভিনিসিয়ুস। তবে পিএসভির বিপক্ষে গোল পাওয়ার পাশাপাশি পুরো ম্যাচে তাঁর আক্রমণাত্মক পারফরম্যান্সও ছিল চোখে পড়ার মতো। তাঁর গোলের পর ডাগআউট ছেড়ে উঠে দাঁড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মরিনহো।

সতীর্থের এমন পারফরম্যান্সে খুশি ভালভার্দেও। উরুগুয়ের এই মিডফিল্ডার বলেন, ‘ও যেভাবে খেলেছে, যেভাবে খেলাটা উপভোগ করেছে, সেটা দারুণ আনন্দের। গোলও পেয়েছে, এখন ওকে উপভোগ করতে দিন। বেশ কিছু ম্যাচে হয়তো নিজের সেরা ফুটবলটা খেলতে পারেনি। কিন্তু আজ ও ফিরে এসেছে। সতীর্থ এবং বন্ধু হিসেবে আমি ওর জন্য খুব খুশি।’

রিয়ালের প্রত্যাবর্তনে বেলিংহামের প্রভাবের কথাও স্বীকার করেছেন ভালভার্দে। তিনি বলেন, ‘দ্বিতীয়ার্ধে আমরা অবিশ্বাস্য খেলেছি। প্রথম মিনিট থেকেই আমাদের এমনভাবে খেলা উচিত। জুড মাঠে নামার পর আমাদের খেলায় স্থিরতা এসেছে। পেছন থেকে আক্রমণ গড়ার সময় আমরা অনেক ভালোভাবে বল এগিয়ে নিতে পেরেছি।’

বিরতিতে শিষ্যদের কী বলেছিলেন, সেই রহস্য অবশ্য প্রকাশ করতে চাননি মরিনহো। নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে পর্তুগিজ কোচ বলেছেন, ‘ড্রেসিংরুমটা লাস ভেগাসের মতো। ভেগাসে যা ঘটে, সেটা ভেগাসেই থাকে।’

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আজ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস
আজ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস
২৫ নভেম্বর ২০২৬ দুপুর ০১:১৮:১০



গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৭, মামলা ৪৪
গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৭, মামলা ৪৪
২৫ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩৩:০৭


আজ উদাস দিবস
আজ উদাস দিবস
২৫ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২২:৪০