স্পোর্টস ডেস্ক: প্রায় পাঁচ বছর কোচিংয়ের বাইরে থাকার পর ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে ফিরছেন কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান।
দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৮ জুলাই মঙ্গলবার তার নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেবে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)।
সংবাদ সম্মেলনের মাধ্যমে দিদিয়ের দেশমের উত্তরসূরি হিসেবে জিদানের নাম ঘোষণা করা হবে। টানা ১৪ বছর দায়িত্ব পালনের পর দেশমের বিদায়ের পর থেকেই ফ্রান্সের কোচ হিসেবে জিদানকে সবচেয়ে শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছিল।
দিদিয়ের দেশমের অধীনে ফ্রান্স বিশ্বকাপ ও নেশনস লিগের শিরোপা জিতলেও সাম্প্রতিক সময়ে স্পেন ও ইংল্যান্ডের বিপক্ষে পরাজয়ের মধ্য দিয়ে তার অধ্যায়ের সমাপ্তি ঘটে।
ফ্রান্সের দায়িত্ব নিয়ে নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন জিদান। রিয়াল মাদ্রিদের দুই মেয়াদে অসাধারণ সাফল্য অর্জনের পর এবার জাতীয় দলের ডাগআউটে একই ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা থাকবে তার ওপর। তার অধীনে ফ্রান্সের প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট হবে ২০২৮ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ, যা যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা।
এদিকে, ফ্রান্সের কোচ হওয়ার মধ্য দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলে কিলিয়ান এমবাপ্পেকে কোচিং করানোর সুযোগ পাচ্ছেন জিদান। রিয়াল মাদ্রিদে এই দুই তারকাকে একসঙ্গে দেখার সম্ভাবনা থাকলেও তা বাস্তবে হয়নি।
ফরাসি ফুটবলের অন্যতম সেরা কিংবদন্তি জিদান খেলোয়াড় ও কোচ উভয় ভূমিকাতেই বিশ্ব ফুটবলে সফলতার স্বাক্ষর রেখেছেন। আগামী মঙ্গলবারের আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে ফ্রান্স জাতীয় দলের সঙ্গে তার নতুন অধ্যায়ের সূচনা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available