স্পোর্টস ডেস্ক: সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এর মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দলই শেষ চারে জায়গা করে নিয়েছে।
বর্তমান র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আর্জেন্টিনার সঙ্গে সেমিফাইনালে উঠেছে দ্বিতীয় স্থানে থাকা স্পেন, তৃতীয় স্থানে থাকা ফ্রান্স এবং চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ড।
কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ২-০ গোলে মরক্কোকে, স্পেন ২-১ গোলে বেলজিয়ামকে এবং ইংল্যান্ড একই ব্যবধানে নরওয়েকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। পরে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ দল হিসেবে শেষ চারে ওঠে আর্জেন্টিনা।
২০২৬ বিশ্বকাপে ফিফার নতুন ড্র পদ্ধতির কারণে শীর্ষ চার র্যাঙ্কিংধারী দলকে ভিন্ন ভিন্ন কোয়াড্রেন্টে রাখা হয়েছিল। ফলে তারা নিজ নিজ গ্রুপে শীর্ষস্থান অর্জন করতে পারলে সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি হওয়ার সুযোগ ছিল না। চার দলই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় সেই সম্ভাবনা বাস্তবে রূপ নেয়।
এই বিন্যাস অনুযায়ী, ফাইনালের আগে স্পেন ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ ছিল না। একইভাবে ইংল্যান্ড ও ফ্রান্সকে নকআউট পর্বের বিপরীত অংশে রাখা হয়েছিল, যাতে চার দলই এগোতে পারলে সেমিফাইনালে দুটি আলাদা লড়াই অনুষ্ঠিত হয়।
এবারের সেমিফাইনালে মঙ্গলবার মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। অন্যদিকে বুধবার মাঠে নামবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড।
উল্লেখ্য, ফিফা বিশ্ব র্যাঙ্কিং ১৯৯২ সালে চালু হলেও বিশ্বকাপের বাছাই ও ড্রয়ে এটি ধাপে ধাপে ব্যবহার শুরু হয়। অতীতের আসরগুলোতে শীর্ষ র্যাঙ্কিংয়ে থাকা একাধিক দল সেমিফাইনালে উঠলেও কখনোই শীর্ষ চার দল একসঙ্গে শেষ চারে জায়গা করে নিতে পারেনি। সেই অপেক্ষার অবসান ঘটল ২০২৬ বিশ্বকাপে।
সূত্র: ইএসপিএন
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available