স্পোর্টস ডেস্ক: ২০০২ সালের পর কেটে গেছে ২৪ বছর। কিন্তু বিশ্বকাপের শিরোপা আর ঘরে তুলতে পারেনি ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপেও প্রত্যাশা পূরণ হয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। নরওয়ের কাছে হেরে ৩৬ বছর পর শেষ ষোলো থেকেই বিদায় নেওয়ার পর দলটির ফুটবল কাঠামো নিয়ে কড়া সমালোচনা করেছেন কিংবদন্তি পেলের বড় মেয়ে কেলি নাসিমেন্তো।
চলচ্চিত্র নির্মাতা ও সমাজকর্মী কেলির দাবি, ব্রাজিলের ফুটবলের মূল সংকট মাঠে নয়, বরং প্রশাসনে। নরওয়ের বিপক্ষে হারের পর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দুর্নীতি, অস্বচ্ছতা এবং জবাবদিহির অভাব দেশের ফুটবল ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে।
কেলির ভাষায়, ‘ব্রাজিলের ফুটবল ব্যবস্থা ভেঙে পড়েছে। কারণ দুর্নীতি হোক বা অন্য কিছু, এটি এমন একটি বদ্ধ কাঠামোয় পরিণত হয়েছে যেখানে ভেতরে কী হচ্ছে, তা জানার সুযোগ খুবই সীমিত। সমস্যার কথা সবাই জানে, কিন্তু পরিবর্তনের উদ্যোগ বা সক্ষমতা কারও নেই।’
তিনি বলেন, ব্রাজিলে প্রতিভাবান ফুটবলারের অভাব নেই। প্রতি বছরই নতুন নতুন মেধাবী খেলোয়াড় উঠে আসছে। কিন্তু সঠিক পরিকল্পনা ও দক্ষ প্রশাসনিক ব্যবস্থার অভাবে সেই প্রতিভা আন্তর্জাতিক সাফল্যে রূপ নিচ্ছে না।
কেলি আরও জানান, পেলে জীবিত থাকতেই ব্রাজিলের ফুটবল প্রশাসনের অবনতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তার মতে, ২০০২ সালের বিশ্বকাপ জয়ের পর থেকে ব্রাজিল আর বৈশ্বিক কোনো বড় শিরোপা জিততে পারেনি। এবার শেষ ষোলো থেকেই বিদায় নেওয়াকে তিনি দেশের ফুটবল ইতিহাসের অন্যতম হতাশাজনক ঘটনা হিসেবে দেখছেন।
সংকট কাটিয়ে উঠতে ফ্রান্সের ফুটবল পরিচালনা মডেল অনুসরণের পরামর্শ দেন কেলি। তার মতে, দীর্ঘমেয়াদি পরিকল্পনা, স্বচ্ছতা ও আধুনিক প্রশাসনিক কাঠামোর কারণেই ফ্রান্স ধারাবাহিকভাবে আন্তর্জাতিক অঙ্গনে সফল হচ্ছে।
এ ছাড়া ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব বোতাফোগোর পুনরুত্থানের উদাহরণ টেনে মার্কিন ব্যবসায়ী জন টেক্সটরের প্রশংসা করেন তিনি। কেলির মতে, বিতর্ক থাকলেও টেক্সটর ক্লাব পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, যা ব্রাজিলের ফুটবলের জন্য ইতিবাচক দৃষ্টান্ত হতে পারে।
ব্রাজিলের সাম্প্রতিক ব্যর্থতার পর কেলির এই মন্তব্য দেশটির ফুটবল প্রশাসন নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। তার বিশ্বাস, মাঠের খেলোয়াড়দের নয়, বরং প্রশাসনিক কাঠামোর সংস্কারই ব্রাজিলের ফুটবলকে আবারও সাফল্যের পথে ফিরিয়ে আনতে পারে।
সূত্র: রয়টার্স স্পোর্টস
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available