• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই আষাঢ় ১৪৩৩ সকাল ০৯:৫১:৫৬ (02-Jul-2026)
  • - ৩৩° সে:

কেইনের জোড়া গোলে শেষ ষোলো নিশ্চিত করল ইংল্যান্ড

২ জুলাই ২০২৬ সকাল ০৭:৪৭:২৬

কেইনের জোড়া গোলে শেষ ষোলো নিশ্চিত করল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল ইংল্যান্ড। প্রথমার্ধজুড়ে একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি থ্রি লায়নস। তবে বিরতির পর আক্রমণের তীব্রতা বাড়িয়ে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে তারা। অধিনায়ক হ্যারি কেইনের ১১ মিনিটের ব্যবধানে করা জোড়া গোলে ডিআর কঙ্গোকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ইংল্যান্ড।

আগামী ৬ জুলাই শেষ ষোলোর ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ হবে মেক্সিকো।

ম্যাচের শুরুতেই চমক দেখায় ডিআর কঙ্গো। সপ্তম মিনিটে অধিনায়ক শানসেল এমবেম্বার পাস থেকে ব্রায়ান সিপেঙ্গা ডি-বক্সের বাঁ দিক থেকে ডান পায়ের নিখুঁত শটে ইংল্যান্ডের জালে বল জড়িয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

গোল হজমের পর আক্রমণে ঝাঁপিয়ে পড়ে ইংল্যান্ড। ৩০তম মিনিটে জুড বেলিংহামের হেড দুর্দান্ত দক্ষতায় ফিরিয়ে দেন কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসি। পাঁচ মিনিট পর মার্কাস রাশফোর্ডের জোরালো শট এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করায় সমতায় ফেরার আরেকটি সুযোগ হাতছাড়া হয় ইংলিশদের।

৪২তম মিনিটে ব্যবধান প্রায় দ্বিগুণ করে ফেলেছিল ডিআর কঙ্গো। ইংল্যান্ডের রক্ষণভাগের ভুলে সুযোগ পেয়ে ইওয়ান উইসার নেওয়া শট পোস্টে লেগে ফিরে এলে বড় বিপদ থেকে রক্ষা পায় ইংল্যান্ড।

প্রথমার্ধের শেষদিকে পেনাল্টির দাবি তুলেও হতাশ হতে হয় হ্যারি কেইনকে। কঙ্গোর গোলরক্ষক এমপাসির সঙ্গে সংঘর্ষে বক্সের ভেতরে পড়ে গেলেও রেফারি পেনাল্টি না দিয়ে উল্টো কেইনের বিপক্ষেই ফাউলের সিদ্ধান্ত দেন।

বিরতির পরও একাধিক সুযোগ তৈরি করে ইংল্যান্ড। ৫৪তম মিনিটে জুড বেলিংহামের শট দিক পরিবর্তন করে জালের দিকে গেলেও দুর্দান্ত সেভে দলকে রক্ষা করেন এমপাসি।

অবশেষে ৭৫তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ইংল্যান্ড। অ্যান্থনি গর্ডনের নিখুঁত ক্রসে হেড করে সমতা ফেরান অধিনায়ক হ্যারি কেইন। এমপাসি বলটিতে হাত লাগালেও জালে যাওয়া ঠেকাতে পারেননি।

সমতায় ফেরার ১১ মিনিট পরই ম্যাচের ভাগ্য বদলে দেন কেইন। ৮৬তম মিনিটে গর্ডনের পাস ধরে বক্সে ঢুকে ডান পায়ের শক্তিশালী শটে বল জালে পাঠিয়ে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত এই ব্যবধানই জয় নিশ্চিত করে থ্রি লায়নসের।

এই জয়ের মধ্য দিয়ে ইংল্যান্ড বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। একই সঙ্গে ১৯৬৬ সালের পর বিশ্বকাপে প্রথমবারের মতো পিছিয়ে পড়েও ম্যাচ জয়ের কীর্তি গড়েছে তারা।

ব্যক্তিগত অর্জনেও উজ্জ্বল ছিলেন হ্যারি কেইন। জোড়া গোলের সুবাদে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে, যা ব্রাজিল কিংবদন্তি পেলের বিশ্বকাপ গোলসংখ্যাকে ছাড়িয়ে গেছে। চলতি আসরে কেইনের গোলসংখ্যা এখন পাঁচ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us