স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে জাপান। রোববার (১৪ জুন) দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।
ম্যাচে দুবার পিছিয়ে পড়েও দারুণ লড়াই করে শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে এশিয়ার প্রতিনিধিরা। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও বিরতির পর চারটি গোলের দেখা পায় দর্শকরা।
প্রথমার্ধে আক্রমণে কিছুটা এগিয়ে ছিল নেদারল্যান্ডস। ৩৪তম মিনিটে কর্নার থেকে ডনিয়েল মালেনের শক্তিশালী হেড দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন জাপানের গোলরক্ষক জিওন সুজুকি। এরপরও বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল ডাচরা, তবে গোলের দেখা পায়নি। অন্যদিকে জাপানও প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
বিরতির পর ৫১তম মিনিটে ভার্জিল ফন ডাইকের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ডান প্রান্ত থেকে ভেসে আসা ক্রসে নিখুঁত হেডে বল জালে পাঠান ডাচ অধিনায়ক।
তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি জাপানকে। ৫৭তম মিনিটে কেইতো নাকামুরার গোলে সমতায় ফেরে দলটি।
৬৪তম মিনিটে ক্রাইসেনসিও সামারভিলের গোলে আবারও এগিয়ে যায় নেদারল্যান্ডস। ম্যাচের শেষ দিকে জয় নিয়েই মাঠ ছাড়ার পথে ছিল ডাচরা। কিন্তু নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে দাইচি কামাদা গোল করে জাপানকে আবারও সমতায় ফেরান।
কামাদার সেই গুরুত্বপূর্ণ গোলেই ২-২ ড্র নিশ্চিত করে জাপান এবং নেদারল্যান্ডসের বিপক্ষে মূল্যবান এক পয়েন্ট অর্জন করে।
সূত্র: এএফপি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available