বিনোদন ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি। দুজনের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক। পর্দায় এবং পর্দার বাইরে তাদের রসায়ন সেখানকার দর্শক পছন্দ করেছে। কিন্তু পর্দায় যখন অন্য শিল্পীর সঙ্গে ঘনিষ্ঠ হতে হয়, সেটা কীভাবে মানিয়ে নেন তারা? এ বিষয়েই এবার কথা বলেছেন বনি।
সম্প্রতি ‘লাভ শর্টস’ সিরিজের দৃশ্যে বনিকে চুম্বন দৃশ্যে দেখা গেছে, বিপরীতে আছেন অঙ্গনা রায়। দৃশ্যটি নিয়ে টালিগঞ্জে চর্চাও হচ্ছে বেশ। আবার কিছুদিন আগে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে চুম্বন দৃশ্যে দেখা গেছে কৌশানীকে।
এসব বিষয়ে বনি বলেন, ‘‘কিছুদিন আগে কৌশানী একটি চুম্বন দৃশ্য করেছিল পরমদার সঙ্গে, সেটা দেখেছি। আমি ‘বরবাদ’ ছবিতে প্রথম চুম্বন দৃশ্য করেছিলাম। আর কৌশানীর সঙ্গেও ‘তুমি আসবে বলে’ ছবিতেও একটা চুম্বন দৃশ্য ছিল। কিন্তু সেগুলো এতটা নিবিড় দৃশ্য নয়। সে হিসেবে দেখতে গেলে, এই প্রথম সাহসী দৃশ্যে অভিনয়। চিত্রনাট্যের প্রয়োজনেই এই ধরনের দৃশ্য করতে আমরা অভিনেতারা রাজি হই। এ ক্ষেত্রেও তা-ই হয়েছে।’’
ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার আগে ব্যক্তিগত জীবনে প্রেমিকার সঙ্গে তার সমীকরণ, বোঝাপড়া জরুরি। সেটা বরাবরই পরিষ্কার রাখেন বলে জানালেন বনি। তার ভাষ্য, ‘দুজনে সম্পর্কে থাকলে এই ধরনের দৃশ্য করার আগে পার্টনারের সঙ্গে আলোচনা করাটাই স্বাভাবিক। এটা জানিয়ে রাখা দায়িত্বের মধ্যে পড়ে বলে আমার মনে হয়। যেহেতু আমার পার্টনার, আমার পেশার সঙ্গেই যুক্ত, তাই স্বাভাবিকভাবেই সে বুঝবে এবং সাহায্য করবে। আমার আর কৌশানীর মধ্যেও এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সঙ্গীকে অন্যের সঙ্গে চুম্বনরত অবস্থায় দেখলে অধিকারবোধ থেকে একটু হিংসা হওয়াটাই স্বাভাবিক। সেটুকু তো কাজ করবেই। সম্পর্কের ক্ষেত্রে এটা তো হয়ই। কিন্তু আমরা নিজেকে বোঝাই যে, এটা শুধুমাত্র কাজের জন্যই, তখন আবার ঠিক হয়ে যায়।’
বনি জানান, প্রথমবার অঙ্গনার সঙ্গে জুটি হলেন। আর প্রথম কাজেই চুম্বন দৃশ্য। তবে কাজের আগেই বন্ধুত্ব গড়ে ওঠায় দৃশ্যটি করতে খুব একটা অসুবিধা হয়নি। তাছাড়া শুটিং সেটে ‘ইন্টিমেসি কো-অর্ডিনেটর’ উপস্থিত ছিলেন বলেও জানান অভিনেতা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available