• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:১৪:৩০ (28-Aug-2026)
  • - ৩৩° সে:

প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে আইনি নোটিশ

২৮ আগস্ট ২০২৬ সকাল ১১:২৫:০৫

প্রেম-রোমান্সনির্ভর সিনেমা-নাটক বন্ধে আইনি নোটিশ
“ফাইল ছবি”

বিনোদন ডেস্ক: প্রেম ও রোমান্সনির্ভর সিনেমা ও নাটক নির্মাণ এবং সম্প্রচার বন্ধের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং তরুণদের সৃজনশীল মেধার বিকাশের লক্ষ্যে এ নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নোটিশকারী আইনজীবী।

২৭ আগস্ট বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদসচিব, তথ্য ও সম্প্রচার সচিব, সংস্কৃতিবিষয়ক সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে নোটিশের প্রাপক করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, দেশের চলচ্চিত্র ও নাটকে বর্তমানে প্রেম ও রোমান্সনির্ভর গল্পের আধিক্য দেখা যাচ্ছে। নোটিশকারীর দাবি, এ ধরনের কনটেন্টের অতিরিক্ত উপস্থিতি সাংস্কৃতিক ভারসাম্যহীনতা তৈরি করছে এবং শিক্ষার্থীদের পড়াশোনা ও ক্যারিয়ার থেকে বিচ্যুত করছে।

এতে আরও অভিযোগ করা হয়, কিছু নাটক ও সিনেমায় পরকীয়া এবং বিবাহবহির্ভূত সম্পর্ককে স্বাভাবিকভাবে উপস্থাপন করা হচ্ছে। এর ফলে পারিবারিক ও সামাজিক নৈতিক কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে নোটিশে দাবি করা হয়েছে। গণমাধ্যমে অনৈতিক সম্পর্কের অবাধ প্রদর্শন সমাজে নৈরাজ্য ও অপরাধ বৃদ্ধিতে ভূমিকা রাখছে বলেও এতে উল্লেখ করা হয়।

আইনি নোটিশে সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদের উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, সংবিধানের ২১(১) অনুচ্ছেদ অনুযায়ী আইন মেনে চলা ও সামাজিক শৃঙ্খলা রক্ষা করা নাগরিকের কর্তব্য। ৩৯ অনুচ্ছেদে বাক্‌স্বাধীনতার নিশ্চয়তা থাকলেও শালীনতা ও নৈতিকতার স্বার্থে এর ওপর যুক্তিসংগত বিধিনিষেধ আরোপের সুযোগ রয়েছে। একই সঙ্গে ২৩ অনুচ্ছেদে জাতীয় সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশে রাষ্ট্রের দায়িত্বের কথাও তুলে ধরা হয়েছে।

নোটিশে কেবল প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচারে অবিলম্বে কড়াকড়ি আরোপের দাবি জানানো হয়েছে। পাশাপাশি তরুণ সমাজকে নৈতিকভাবে গড়ে তুলতে বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ ও প্রতিরক্ষাভিত্তিক নাটক-চলচ্চিত্র নির্মাণে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ারও দাবি জানানো হয়েছে।

আইনি নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নিতে এবং কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নোটিশকারীকে জানাতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন করা হবে বলে জানিয়েছেন আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন।

সূত্র: ইন্ডিপেনডেন্ট টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







নিজ দোকান থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নিজ দোকান থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
২৮ আগস্ট ২০২৬ সকাল ১১:৩৫:৪৬



নারী এশিয়া কাপের পর্দা উঠছে আজ
নারী এশিয়া কাপের পর্দা উঠছে আজ
২৮ আগস্ট ২০২৬ সকাল ১১:১৫:৪৮