বিনোদন ডেস্ক: ২০০ কোটি রুপির অর্থপাচার মামলায় নতুন করে আইনি চাপে পড়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। দিল্লির পাটিয়ালা হাউস কোর্টের চার্জ গঠনের নির্দেশকে চ্যালেঞ্জ করে ভারতের সুপ্রিম কোর্টে আপিল করেছেন এই শ্রীলঙ্কান অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মামলাটির জরুরি শুনানির জন্য ১১ জুন সুপ্রিম কোর্টে দিন নির্ধারণ করা হয়েছে। এর আগে জ্যাকুলিনের আইনজীবীরা দ্রুত শুনানির আবেদন জানান।
আবেদনের পর বিচারপতি পি কে মিশ্র ও বিচারপতি এ এস চন্দুরকরের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ মামলাটি শুনানির জন্য গ্রহণ করে এবং বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করে।
গত ৩০ মে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত দায়রা বিচারক প্রশান্ত শর্মা জ্যাকুলিন ফার্নান্দেজের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দেন। ওই আদেশ বাতিলের আবেদন জানিয়েই সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছেন অভিনেত্রী।
মামলার তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দাবি করেছে, এই মামলার প্রধান অভিযুক্ত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে জ্যাকুলিন গাড়ি, হীরার গহনা এবং কোটি কোটি টাকার বিভিন্ন মূল্যবান উপহার গ্রহণ করেছিলেন।
নিম্ন আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ইডির উপস্থাপিত তথ্য-প্রমাণে জ্যাকুলিনের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক ভিত্তি পাওয়া গেছে। আদালতের মতে, সুকেশ চন্দ্রশেখরের অপরাধলব্ধ অর্থের সুবিধাভোগী ছিলেন জ্যাকুলিন এবং অর্থের অবৈধ উৎস সম্পর্কে তিনি অবগত ছিলেন—এমন সন্দেহ করার মতো যথেষ্ট উপাদান তদন্তে উঠে এসেছে।
এখন সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে মামলাটির পরবর্তী আইনি প্রক্রিয়া।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available