আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার জন্য রাশিয়ার পাঠানো প্রথম মানবিক সহায়তাবাহী বিমান রাজধানী কারাকাসে পৌঁছেছে। খাদ্য ও জরুরি প্রয়োজনীয় সামগ্রী বহনকারী এ বিমানের পর আরও একটি ত্রাণবাহী বিমান পাঠানোর ঘোষণা দিয়েছে মস্কো।
১২ জুলাই রোববার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ত্রাণবাহী বিমানটি কারাকাসের সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই মেলিক-বাগদাসারভ এবং ভেনেজুয়েলার উপপররাষ্ট্রমন্ত্রী রুবেন দারিও মোলিনা পেনা বিমানটি গ্রহণ করেন।
বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুশ রাষ্ট্রদূত সের্গেই মেলিক-বাগদাসারভ ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় ভেনেজুয়েলার জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, দুটি ভূমিকম্পের মর্মান্তিক পরিণতিতে ভেনেজুয়েলার জনগণের শোকের অংশীদার রাশিয়া। এই কঠিন সময়ে দেশটির পাশে দাঁড়াতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
রাষ্ট্রদূত আরও জানান, এটি রাশিয়ার পাঠানো প্রথম মানবিক সহায়তাবাহী বিমান। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অতিরিক্ত ত্রাণ নিয়ে আরও একটি বিমান শিগগিরই ভেনেজুয়েলায় পাঠানো হবে।
ভেনেজুয়েলায় অবস্থিত রুশ দূতাবাস জানায়, এই চালানে খাদ্যসামগ্রীর পাশাপাশি দুর্গত মানুষের জন্য প্রয়োজনীয় বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাঠানো হয়েছে। এসব সহায়তা জরুরি ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রমে ব্যবহার করা হবে।
সম্প্রতি সংঘটিত ভূমিকম্পে ভেনেজুয়েলার বিভিন্ন এলাকায় প্রাণহানি, অবকাঠামোগত ক্ষয়ক্ষতি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available