বিনোদন ডেস্ক: ভারতীয় বাংলা সিনেমার আলোচিত তারকা জুটি শুভশ্রী গাঙ্গুলি ও দেব। তিক্ততা ভুলে ফের জুটি বেঁধে হইচই ফেলে দিয়েছেন। এ যুগলের সপ্তম সিনেমা ‘দেশু ৭’। অভিনয়ের পাশাপাশি এ সিনেমা পরিচালনাও করেছেন দেব। আপাতত প্রচারের কাজে রাত-দিন ব্যয় করছেন দেব-শুভশ্রী।
আগামীকাল ১৬ অক্টোবর শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দেশু ৭’। মুক্তির আগে সিনেমাটি গান ও ট্রেইলার প্রকাশ করেছেন নির্মাতারা; যা এরই মধ্যে দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। তাছাড়া প্রচারে গিয়ে দেব কখনো শুভশ্রীর হাতে, কখনো কপালে চুমু খেয়ে আলোচনার জন্ম দিয়েছেন। ফলে পূজায় টলিউডের যে কটি সিনেমা মুক্তি পাবে, সেই তালিকার শীর্ষে রয়েছে ‘দেশু ৭’।
মুক্তির পর বক্স অফিসে ইতিবাচক সাড়া ফেলবে ‘দেশু ৭’। সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি অন্তত সে কথাই বলছে।
আরও পড়ুন: পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ১৭ হাজার ২৩১টি, দ্বিতীয় দিনে ১২ হাজার ১৯৬টি, তৃতীয় দিনে ১১ হাজার ৪৭৬টি, চতুর্থ দিনে ৭ হাজার ১৮২টি, পঞ্চম দিনে ৬ হাজার ৯১৬টি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ দিনে ৫৫ হাজার ১টি অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। ১৬ হাজার ১৩টি শো থেকে মোট আয় হয়েছে ৯০ লাখ ৭৬ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১৬ লাখ টাকা)।
বাণিজ্যিক সাফল্যের কথা চিন্তা করেই ‘দেশু ৭’ সিনেমায় শুভশ্রীকে নায়িকা হিসেবে নিয়েছেন দেব। ব্যাখ্যা করে এই সংসদ সদস্য বলেন, “শুভশ্রী যদি ‘দেশু ৭’-এর টিমে থাকে, তাহলে আমার জেতার ৯৯ শতাংশ চান্স আছে। ‘দেশু ৭’ সিনেমায় নায়িকা হিসেবে শুভশ্রীকে প্রথম পছন্দ করার কারণ এটাই।”
পর্দায় রোমান্স করতে গিয়ে বাস্তব জীবনেও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দেব-শুভশ্রী। একসময় চুটিয়ে প্রেম করেছেন তারা। তবে বেশ আগে সম্পর্কের ইতি টেনে নিজেদের আলাদা আলাদা পথ বেছে নেন।
অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু সিনেমায় জুটি বেঁধেছেন দেব-শুভশ্রী। এটি তাদের সপ্তম সিনেমা। এজন্য সিনেমাটির নাম রেখেছেন—‘দেশু ৭’। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন—অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, প্রিয়াঙ্কা সরকার, কাঞ্চন মল্লিক, লোকনাথ দে প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available