বিনোদন ডেস্ক: অভিনয়ে বেশ কিছুদিন ধরেই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। নতুন নাটক বা সিনেমায় নিয়মিত দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব এই অভিনেত্রী। নিজের ভাবনা, ছবি ও ব্যক্তিগত মুহূর্তের নানা ঝলক নিয়মিতই শেয়ার করেন অনুসারীদের সঙ্গে। এবার বধূবেশের কয়েকটি ছবি প্রকাশ করে নতুন কৌতূহলের জন্ম দিয়েছেন তিনি।
২৭ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে তিনটি ছবি প্রকাশ করেন প্রভা। ছবিতে দেখা যায়, সনাতন ধর্মের বিয়ের আনুষ্ঠানিকতার আদলে সাজানো এক আয়োজনে বধূবেশে বসে আছেন তিনি।
বাড়ির উঠোনে তৈরি করা হয়েছে বিয়ের মণ্ডপ। রঙিন কাগজের সাজসজ্জা, কলাগাছসহ বিয়ের নানা উপকরণে সাজানো হয়েছে পুরো আয়োজন। লাল শাড়িতে প্রভার সাজেও ছিল নববধূর আবহ। মাথায় মুকুট, কপালে টিকলি আর হাতে শাঁখা-পলা—সব মিলিয়ে একেবারে বিয়ের সাজে দেখা গেছে তাঁকে।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, হঠাৎ এমন সাজে কেন প্রভা?
ছবিগুলোর সঙ্গে আয়োজনের বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী। তবে ক্যাপশনে তাঁর লেখা কথায় মিলেছে কিছুটা ইঙ্গিত। প্রভা লিখেছেন, ‘আমার মধ্যে নানারকম ব্যক্তিত্ব নেই। তবে অভিনয়শিল্পী হওয়ার সুবাদে, বিভিন্ন ধরনের চরিত্র উপস্থাপন করতে পারি।’
তাঁর এই বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত কোনো আয়োজন নয়, বরং অভিনয়ের প্রয়োজনে বধূবেশে হাজির হয়েছেন তিনি। তবে এটি কোনো নাটক, সিনেমা নাকি অন্য কোনো কনটেন্টের শুটিং—তা স্পষ্ট করেননি প্রভা।
এদিকে অভিনয়ে অনিয়মিত হলেও বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী। কিছুদিন আগে দুটি সিনেমায় যুক্ত হওয়ার খবর জানিয়েছিলেন তিনি। এর একটি সাদেক সিদ্দিকী পরিচালিত ‘দেনা পাওনা’। সিনেমাটির উল্লেখযোগ্য অংশের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি অংশের শুটিং এ সপ্তাহে হওয়ার কথা রয়েছে।
অন্য সিনেমাটি ‘দুই পয়সার মানুষ’। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।
তাই সাম্প্রতিক বধূবেশের ছবিগুলো নতুন কোনো সিনেমার শুটিংয়ের অংশ কি না, সেটিই এখন প্রভার অনুসারী ও দর্শকদের কৌতূহলের বিষয় হয়ে উঠেছে।
তথ্যসূত্র: বিডি ২৪ লাইভ
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available