স্পোর্টস ডেস্ক: ডেস্ক ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পূর্ণ হলো ৩৭ বছর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে শৈশবের প্রথম ক্রিকেট ব্যাট হাতে ছবি প্রকাশ করেছেন তিনি। ৪৯ বছর ধরে নিজের কাছে আগলে রাখা সেই ব্যাট নিয়ে আবেগঘন বার্তাও দিয়েছেন ক্রিকেটের এ কিংবদন্তি।
১৫ নভেম্বর রোববার সেই ব্যাট হাতে শৈশবের ও বর্তমান সময়ের দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন এই ক্রিকেট তারকা। একটি ছবিতে ছোট্ট শচীনের হাতে দেখা যায় তার প্রথম ক্রিকেট ব্যাট। অন্য ছবিতে একই ব্যাট হাতে দাঁড়িয়ে রয়েছেন বর্তমান সময়ের শচীন। দুটি ছবির মাধ্যমে নিজের ক্রিকেট যাত্রার শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করেছেন তিনি।
ছবিগুলোতে দেখা যায়, দীর্ঘ ৪৯ বছর পেরিয়ে গেলেও ব্যাটটি এখনো শচীনের কাছে রয়েছে। শৈশবের সেই ছোট্ট ব্যাটের সঙ্গে তার দীর্ঘদিনের আবেগের সম্পর্কও উঠে এসেছে ছবিতে।
ছবির সঙ্গে হিন্দিতে তিনি লেখেন, ‘পেহলে ব্যাট কি বাত হ্যায়, ৪৯ সাল বাদ ভি মেরে সাথ হ্যায়!’ অর্থাৎ, প্রথম ব্যাটের কথা, ৪৯ বছর পরও আমার সঙ্গে আছে!
শচীনের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। একজন মন্তব্য করেছেন, ‘ছোট্ট ছেলে থেকে ক্রিকেটের ঈশ্বর।’
আরেকজন লিখেছেন, ‘প্রায় পাঁচ দশক ধরে এই ব্যাটটি সংরক্ষণ করে রাখা ক্রিকেটের প্রতি আপনার ভালোবাসা ও নিবেদনকেই তুলে ধরে।’
তৃতীয় একজন মন্তব্য করেছেন, ‘ঈশ্বর হওয়ার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে।’
শচীনের এই পোস্ট আবারও মনে করিয়ে দিয়েছে, জীবনের দীর্ঘপথ পেরিয়ে গেলেও শৈশবের স্মৃতি ও প্রিয় কিছু জিনিস মানুষের কাছে কতটা মূল্যবান হয়ে থাকতে পারে।
এটিভি/ এইচকে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available