বিনোদন ডেস্ক: নামের মধ্যেই মিশে আছে সুর। ভারতীয় উচ্চাঙ্গ সংগীতের মধুর এক রাগ ‘ইমন’। সে নামেরই মানুষ সংগীতশিল্পী ইমন চৌধুরী। নামের মতো তার কাজেও সুরের জাদুটা স্পষ্ট। ব্যান্ড থেকে শুরু করে সিনেমা কিংবা একক পরিবেশনা, সবখানেই মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন এ শিল্পী।
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে একটি বিশেষ পরিবেশনা সামনে এনেছেন ইমন। বিখ্যাত নজরুলগীতি ‘তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম’। তবে গানটি কণ্ঠে তোলেননি ইমন; কেবল সরোদের সুরে বাজিয়েছেন। সেই সুরেই তৈরি হয়েছে অপার মুগ্ধতা।
২৫ আগস্ট মঙ্গলবার রাতে ফেসবুকে ভিডিওটি পোস্ট করেন ইমন। এরই মধ্যে সেটার ভিউ ১ লাখ ২১ হাজার ছাড়িয়েছে। শত শত মন্তব্য আর শেয়ার দেখে সহজেই আঁচ করা যায়, নবী মোহাম্মদের (সা.) বন্দনায় রচিত গানটির নতুন এক আবহ সৃষ্টি করেছেন ইমন।
এক শ্রোতা মন্তব্য করেছেন, ‘মনটা ঠাণ্ডা হয়ে গেল ভাই’; আরেকজন লিখেছেন ‘খুব ভাল। পূর্ব-পশ্চিম-এশিয়া একাকার!’; আরেক শ্রোতার মন্তব্য, ‘ভাই আপনি সেরা’; অন্য এক অনুসারী লিখেছেন, ‘চোখ বন্ধ করে শুনলাম, গায়ের লোম দাঁড়িয়ে গেল!’
উল্লেখ্য, ব্যান্ড ‘চিরকুট’ দিয়ে ইমন চৌধুরীর পেশাদার সংগীতজীবনের সূচনা। দীর্ঘ সেই পথচলা থামে ২০২৩-এ। এরপর তিনি গড়েছেন গানের দল ‘বেঙ্গল সিম্ফনি’। এখান থেকেও নিয়মিত গান করে যাচ্ছেন। পাশাপাশি এককভাবে সংগীত পরিচালনা করছেন বিভিন্ন সিনেমার। চারদিকেই তার ব্যস্ততা ও সাফল্যের ছড়াছড়ি।
সূত্র: ঢাকা পোস্ট
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available