বিনোদন ডেস্ক: সাজানো ঘটনা ও মিথ্যা আবেগের ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়া থেকে আয়ের নেশায় সত্য হারিয়ে যাওয়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ সাত পর্বের ধারাবাহিক নাটক ‘ভিউ বাণিজ্য’। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় নির্মিত নাটকটি ঈদের সাত দিন প্রতিদিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হবে এশিয়ান টেলিভিশনে।
বর্তমান সময়ের ট্রেন্ডিং বিষয়কে কেন্দ্র করে নির্মিত এই নাটকে অভিনয় করেছেন মামুনুর রশীদ, শামীমা নাজনীন, মুসাফির সৈয়দ বাচ্চু, শবনম ফারিয়া, নাবিলা ইসলাম, শেহতাজ জেবিন, আল আমিন দূররানীসহ আরও অনেকে।


নাটকের গল্পে দেখা যাবে, মামুন নামের এক ব্যক্তিকে কেন্দ্র করে গড়ে ওঠা ভিউ বাণিজ্যের এক অন্ধকার জগৎ। তার রয়েছে কয়েকটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজ, যেখানে একটি কনটেন্ট ক্রিয়েটর টিম প্রতিনিয়ত কাজ করে। প্রতিদিনের মিটিংয়ে নির্ধারণ করা হয় দর্শকদের আকৃষ্ট করার নতুন নতুন কনটেন্ট যেখানে সাজানো কান্না, মিথ্যা দারিদ্র্য ও পরিকল্পিত দুর্ঘটনার মাধ্যমে আবেগ সৃষ্টি করা হয়।

এসব কনটেন্টে দর্শক কাঁদে, ভিউ বাড়ে, আয় হয় কিন্তু হারিয়ে যায় সত্য।
নাটকে সমাজের কিছু নির্মম বাস্তবতাও তুলে ধরা হয়েছে। একসময় সত্যিকারের এক অসহায় মা তার ক্যান্সার আক্রান্ত মেয়ের চিকিৎসার জন্য সাহায্য চাইতে আসে মামুনের কাছে। বিষয়টি মানবিকভাবে দেখার বদলে মামুন এটিকে ‘কনটেন্ট’ হিসেবে ব্যবহার করার সুযোগ হিসেবে নেয়। অসহায় মায়ের আবেগকে কাজে লাগিয়ে একের পর এক ভিডিও তৈরি করে অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়। ভিউ বাড়তে থাকে, আয় বাড়ে কিন্তু মেয়েটির চিকিৎসার অগ্রগতির কোনও খবর আর সামনে আসে না। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন সেই মা, আর এর মধ্যেই আসে মেয়ের মৃত্যুর সংবাদ। এমনকি সেই মৃত্যু ও মায়ের কান্নাও পরিণত হয় আরেকটি কনটেন্টে।
সমসাময়িক সামাজিক বাস্তবতা ও সোশ্যাল মিডিয়া নির্ভর ভিউ বাণিজ্যের অন্ধকার দিক তুলে ধরা এই নাটকটি দর্শকদের ভাবাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available