বিনোদন ডেস্ক: লাইসেন্স ছাড়া বিদেশি মদ রাখার অভিযোগে দায়ের করা মাদক মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।
৯ মার্চ সোমবার ঢাকার একটি আদালত এ রায় ঘোষণা করেন।


আদালত সূত্রে জানা গেছে, মামলার সাক্ষ্যগ্রহণ শেষে আত্মপক্ষ সমর্থনের শুনানিতে আসিফ আকবর নিজেকে নির্দোষ দাবি করেন। এরপর যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত তাকে অভিযোগ থেকে খালাস দেন।

শুনানির সময় সিআইডি পুলিশের ইন্সপেক্টর শাহিনুল ইসলাম এবং মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই জামাল উদ্দিন আদালতে সাক্ষ্য দেন। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি মামলার বাদী সিআইডি পুলিশের এসআই প্রশান্ত কুমার সিকদারও সাক্ষ্য দেন। অভিযোগপত্রে উল্লেখ থাকা ৯ জন সাক্ষীর মধ্যে তিনজনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের ৫ জুন রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেফতার করা হয় আসিফ আকবরকে। সে সময় তার অফিস কক্ষে চার বোতল বিদেশি মদ পাওয়া যায়। পরে সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে।
এ ঘটনায় লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের দখলে রাখার অভিযোগে ২০১৮ সালের ২৩ জুলাই তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন সিআইডি পুলিশের এসআই প্রশান্ত কুমার সিকদার।
পরবর্তীতে তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ নভেম্বর তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই জামাল হোসেন আসিফ আকবরের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্র দাখিলের প্রায় পাঁচ বছর পর ২০২৪ সালের ২৫ নভেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ঢাকার প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available