ডেস্ক রিপোর্ট: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নাম, লোগো ও দাপ্তরিক পরিচয় অননুমোদিতভাবে ব্যবহার করে ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনা করা হচ্ছে। এসব পেজ ও গ্রুপ থেকে বিভিন্ন সময় বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে। এর বিরুদ্ধে সতর্কতা জারি করেছে মাউশি।
আগামী ৭ দিনের মধ্যে এসব পেজ বা গ্রুপ বন্ধ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ৪ অক্টোবর রোববার মাউশির উপপরিচালক শওকত হোসেন মোল্যা স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সম্প্রতি মাউশির নজরে এসেছে যে, বিভিন্ন ব্যক্তি বা ব্যক্তিবর্গ মাউশির নাম, পরিচিতি ও লোগো বা প্রতীক ব্যবহার করে অননুমোদিত পেজ ও গ্রুপে দাপ্তরিক বিষয়ে বিভ্রান্তিকর তথ্য এবং অশালীন, মানহানিকর ও রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রকাশ করছে। এতে শিক্ষক-কর্মকর্তা ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং মাউশির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
মাউশি জানিয়েছে, ‘Directorate of Secondary and Higher Education-DSHE’ (https://www.facebook.com/dshe.moebd) ছাড়া তাদের আর কোনো অফিসিয়াল পেজ নেই।
মাউশি জানিয়েছে, এসব অননুমোদিত পেজ বা গ্রুপগুলো থেকে অনুমোদনহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এই বিজ্ঞপ্তি প্রকাশের সাত দিনের মধ্যে অধিদপ্তরের পূর্বানুমোদন ছাড়া মাউশির নাম, সংক্ষিপ্ত নাম, লোগো, প্রতীক বা দাপ্তরিক পরিচয় ব্যবহার করে কোনো ফেসবুক পেজ বা গ্রুপ পরিচালনাসহ সব কার্যক্রম বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
এর পরও কোনো ব্যক্তি অননুমোদিতভাবে মাউশির নাম ও পরিচয় ব্যবহার করে ফেসবুক পেজ বা গ্রুপ পরিচালনা অব্যাহত রাখলে কোনো প্রকার অতিরিক্ত সতর্কীকরণ ছাড়াই তাদের বিরুদ্ধে প্রচলিত আইন, বিধি, নীতিমালা ও সরকারি নির্দেশনা অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available