• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ০১:৫১:৫০ (26-Nov-2026)
  • - ৩৩° সে:

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই নতুন বই বিতরণের পরিকল্পনা

২৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:০৬:৩৩

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই নতুন বই বিতরণের পরিকল্পনা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে শতভাগ নতুন পাঠ্যবই তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। সে অনুযায়ী আগামী ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে নতুন বই বিতরণের প্রস্তুতি চলছে।

২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য শিক্ষাবর্ষ শুরুর অনেক আগেই এবার মুদ্রণ, বাঁধাই ও মাঠ পর্যায়ে সরবরাহের কাজ শেষ হচ্ছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা এ কথা জানিয়েছেন।

আরও পড়ুন

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মানসম্মত শিক্ষা ও গবেষণায় গুরুত্ব ইউজিসি চেয়ারম্যানের

এনসিটিবি চেয়ারম্যান জানান, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য মোট ৩০ কোটি ৯৬ লাখ ৩৬ হাজার পাঠ্যবই ছাপা হচ্ছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক স্তরের বই ছাপা ও সরবরাহের কাজ প্রায় শেষ হয়েছে। প্রাথমিক স্তরের প্রায় ৯৭ শতাংশের বেশি এবং মাধ্যমিক স্তরের প্রায় ৯২ শতাংশের বেশি বই ইতোমধ্যে উপজেলা পর্যায়ে সরবরাহ করা হয়েছে।

তিনি জানান, প্রাক-প্রাথমিক স্তরের ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০ কপি বইয়ের কাজ শতভাগ শেষ হয়েছে। প্রাথমিকের (প্রথম-পঞ্চম শ্রেণি) ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬ কপি বইয়ের মধ্যে ৯৭.২৮ শতাংশ এবং ইবতেদায়ির ৪ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৫৭৪ কপি বইয়ের ৯৪.১২ শতাংশের প্রাক-সরবরাহ পরিদর্শন (পিডিআই) সম্পন্ন হয়েছে।

এনসিটিবি চেয়ারম্যান আরও জানান, ২৫ নভেম্বর পর্যন্ত মাধ্যমিক স্তরের (ষষ্ঠ-দশম শ্রেণি) ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮ কপি বইয়ের মধ্যে ৯২.৯৭ শতাংশ পিডিআই ও ৯২ শতাংশ বই সরবরাহ করা হয়েছে। এর বাইরে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ৯ হাজার ৪ কপি ব্রেইল বই ছাপা হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

বৃহস্পতিবার থেকে শুরু ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন

বই বিতরণের সময়সূচি ও প্রস্তুতি প্রসঙ্গে ফখরুল মাওলা বলেন, ‘আগে পহেলা জানুয়ারি বই উৎসবকে কেন্দ্র করে বিপুল পরিমাণ অর্থের অপচয় করা হতো। প্রধানমন্ত্রী তারেক রহমান এমনিতেই যেকোনো অপ্রয়োজনীয় ব্যয় সাশ্রয় নীতি গ্রহণ করেছেন। তাই এবার সে ধারা থেকে বেরিয়ে এসে শুধু বইয়ের মোড়ক উন্মোচন করার ব্যাপারে চিন্তা করা হচ্ছে। পাশাপাশি স্কুলগুলোকে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিন শিক্ষার্থীদের হাতে সব বই বিতরণ করার নির্দেশনা দেওয়ার প্রস্তুতি চলছে।’

তিনি বলেন, ‘স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষার ফলাফল আগামী ২৪ ডিসেম্বর প্রকাশ করার কথা রয়েছে। এজন্য আমরা ২৪ থেকে ২৭ ডিসেম্বরের সময়টিকে সামনে রেখে যেকোনো একদিন বই বিতরণের পরিকল্পনা করছি।’ তবে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়ার পর সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে। তবে সরকার যখন চাইবে, তখনই বই দিতে এনসিটিবি এখন পর্যন্ত প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

এনসিটিবি চেয়ারম্যান জানান, আগামী ৩০ নভেম্বরের মধ্যেই প্রাথমিক ও মাধ্যমিকের সব বই উপজেলা পর্যায়ে সরবরাহ করা হবে। আর নতুন চারটি বইয়ের ছাপা ও বাঁধাই কাজ আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে। সে লক্ষ্যে কাজ চলমান রয়েছে।

আরও পড়ুন

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

বিগত বছরগুলোতে বইয়ের রেপ্লিকা দেখিয়ে উদ্বোধনের সংস্কৃতি বদলানোর কথা তুলে ধরে প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা বলেন, ‘আগে দেখা যেত কিছু বই ছাপা বা বাঁধাই না হলেও অল্প কিছু বই বা রেপ্লিকা দেখিয়ে উৎসব করা হতো, আর বাকি বই যেত মার্চ বা এপ্রিল মাসে। এবার এমনটা হবে না; শতভাগ প্রস্তুতি ও বই সরবরাহের পরই বিতরণ কার্যক্রম শুরু হবে।’

বইয়ের গুণগত মান সম্পর্কে চেয়ারম্যান বলেন, ‘কাগজের মান, ছাপা, বাঁধাই, চোখের ওপর আলোর প্রতিফলন এবং সহজে ছিঁড়ে না যাওয়ার মতো বিষয়গুলো যাচাই করে বইয়ের মান নিশ্চিত করা হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবারের বইয়ের গুণগত মান অনেক ভালো হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে শতভাগ বই সরবরাহ নিশ্চিত করা হবে; যা এনসিটিবির ইতিহাসে একটি বড় মাইলফলক।’

দ্রুত সময়ে প্রাথমিক ও মাধ্যমিকের বই পরিমার্জনসহ ছাপা ও সরবরাহের অগ্রগতির নেপথ্যে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানের পাশাপাশি শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সংশ্লিষ্ট সবার নিবিড় পর্যবেক্ষণের ভূয়সী প্রশংসা করেন চেয়ারম্যান।

আরও পড়ুন

স্নাতক পাস ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি নয়

নতুন বই ও কারিকুলামের বিষয়ে এনসিটিবি চেয়ারম্যান জানান, প্রাথমিক স্তরে খেলাধুলা ও বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক নতুন বই যুক্ত করা হয়েছে; যাতে শিশুরা মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি কাটিয়ে খেলার মাঠে ফেরে এবং স্কুলে আনন্দময় পরিবেশ পায়। পাশাপাশি কারিগরি শিক্ষার বইগুলো ধাপে ধাপে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে সম্প্রসারণ করা হবে।

এ ছাড়া ২০২৮ শিক্ষাবর্ষের পরিমার্জিত কারিকুলামের রূপরেখা প্রণয়নে ১২ থেকে ১৪টি দেশের কারিকুলাম বিশ্লেষণ করা হচ্ছে। শিগগিরই নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা শুরু হবে বলেও জানান তিনি। বাসস

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শাহরুখ-অনন্ত আম্বানি বিতর্কে আইনি নোটিশ!
শাহরুখ-অনন্ত আম্বানি বিতর্কে আইনি নোটিশ!
২৬ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৪৬:৩৮


প্রবাসীদের ভোট নিয়ে ইসির জরুরি নির্দেশনা
প্রবাসীদের ভোট নিয়ে ইসির জরুরি নির্দেশনা
২৬ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২৭:৩৩


পুলিশের ঊর্ধ্বতন আরও ২ কর্মকর্তা আটক
পুলিশের ঊর্ধ্বতন আরও ২ কর্মকর্তা আটক
২৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৬:০২