• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:৪৩:৫১ (26-Nov-2026)
  • - ৩৩° সে:

রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের ভয়াবহ হামলা, ৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

২৬ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:২৫

রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের ভয়াবহ হামলা, ৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত
ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার গুরুত্বপূর্ণ একটি সামরিক বিমানঘাঁটিতে হামলা চালিয়ে পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইউক্রেন। একই সঙ্গে দেশটির সামারা অঞ্চলের দুটি তেল শোধনাগারেও হামলা চালানোর দাবি করেছে কিয়েভ। রাতভর এসব হামলায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

২৬ নভেম্বর বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক বাহিনী ও রাশিয়ার আঞ্চলিক কর্তৃপক্ষের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, রাশিয়ার মস্কো থেকে প্রায় ৩০০ কিলোমিটার পূর্বে নিঝনি নভগোরোদ অঞ্চলের সাভাসলেয়কা বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এতে তিনটি মিগ-৩১ এবং দুটি এসইউ-৩৪ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।

আরও পড়ুন

রাসায়নিক অস্ত্রের অভিযোগে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টানতে চায় ইসরায়েল: আরাঘচি

ইউক্রেনের সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত বিমানগুলো কিছু সময়ের জন্য উড্ডয়ন করতে পারবে না। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এবং কতটি বিমান আক্রান্ত হয়েছে, তা এখনো যাচাই করা হচ্ছে। হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ইউক্রেন। অন্যদিকে, এ হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, একই সময় রাশিয়ার সামারা অঞ্চলের দুটি তেল শোধনাগারে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। দেশটির প্রতিরক্ষা বাহিনীর দাবি, রাশিয়ার জ্বালানি পরিশোধন সক্ষমতা কমিয়ে দেওয়ার লক্ষ্যেই এসব স্থাপনায় হামলা চালানো হয়েছে।

হামলার পর ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বার্তায় বলেছে, “আপনারা কি এগুলো মেরামত করেছিলেন? আমরা আবারও আঘাত হানব।”

আরও পড়ুন

ইসরায়েলের পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে নতুন তথ্য, মজুত প্রায় ৯০টি

তবে সামারা অঞ্চলের ঠিক কোন দুটি তেল শোধনাগারে হামলা হয়েছে, তা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।

সামারা অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ ফেদোরিশচেভ জানিয়েছেন, রাতভর হামলায় ওই অঞ্চলে ১৪৫টির বেশি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। হামলায় একজন নিহত হয়েছেন। এ ছাড়া কয়েকটি শহরে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে।

এ ছাড়া রাশিয়ার দখলে থাকা ইউক্রেনীয় ভূখণ্ডের কয়েকটি সামরিক ও রসদ সরবরাহ স্থাপনায় হামলা চালানোর দাবিও করেছে কিয়েভ। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, জ্বালানি ছাড়া সামরিক যান চলতে পারে না এবং গোলাবারুদ ছাড়া কামান নীরব হয়ে যায়। প্রতিটি সফল হামলার অর্থ হলো মস্কোর আক্রমণের সক্ষমতা কমে যাওয়া।

আরও পড়ুন

মিসরে জ্বালানিবাহী গাড়িতে আগুন ছড়িয়ে নিহত ৩১, আহত ২১

এর আগে গত ২৪ নভেম্বর মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির জ্বালানি স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দেন। তিনি দাবি করেন, বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই রাশিয়া অভ্যন্তরীণ জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে। একই সঙ্গে ইউক্রেনের হামলার জবাবে মস্কো ‘অনিবার্যভাবেই’ পাল্টা প্রতিশোধ নেবে বলে হুঁশিয়ারি দেন।

অন্যদিকে, রাশিয়ার পাল্টা হামলায় ইউক্রেনেও হতাহত ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি অব্যাহত রয়েছে। ২৪ থেকে ২৫ নভেম্বরের মধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে রুশ হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে। জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার
সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার
২৬ নভেম্বর ২০২৬ সকাল ১১:৩৭:০৬