ডেস্ক রিপোর্ট: সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও ব্যাংকের আমানত ২০২৫ সালে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এক বছরে এই আমানতের পরিমাণ প্রায় ৪১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৩৪.২ মিলিয়ন সুইস ফ্রাঁতে (প্রায় ১২ হাজার ৭৬৩ কোটি টাকা) পৌঁছেছে।
১৮ জুন বৃহস্পতিবার প্রকাশিত সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) বার্ষিক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশ-সংশ্লিষ্ট আমানতের পরিমাণ ছিল প্রায় ৫৯০ মিলিয়ন সুইস ফ্রাঁ। এক বছরের ব্যবধানে তা বেড়ে ৮৩৪.২ মিলিয়ন সুইস ফ্রাঁতে পৌঁছেছে, যা গত চার বছরের মধ্যে সর্বোচ্চ এবং এ পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ।
এর আগে ২০২১ সালে সুইস ব্যাংকে বাংলাদেশ-সংশ্লিষ্ট আমানত ৮৭১.১ মিলিয়ন সুইস ফ্রাঁতে পৌঁছেছিল, যা এখনো সর্বকালের সর্বোচ্চ রেকর্ড হিসেবে রয়েছে।
এসএনবির তথ্য অনুযায়ী, এই হিসাবের মধ্যে বাংলাদেশি ব্যক্তি, প্রতিষ্ঠান এবং বিভিন্ন ব্যাংকের নামে সুইস ব্যাংকে রাখা অর্থ অন্তর্ভুক্ত রয়েছে। তবে এ অর্থের সবটাই ব্যক্তিগত আমানত নয়; এর একটি বড় অংশ বৈধ ব্যাংকিং ও বাণিজ্যিক লেনদেন-সংক্রান্ত তহবিলও হতে পারে।
সাম্প্রতিক এই বৃদ্ধির ফলে বিদেশে অর্থ পাচার ও অবৈধ অর্থপ্রবাহ রোধে সরকারের উদ্যোগ কতটা কার্যকর হয়েছে, তা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available