নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে পূর্ববিরোধের জেরে কিশোর গ্যাংয়ের হামলায় ইসলামী যুব আন্দোলনের নেতা ও রিকশা গ্যারেজ মালিক জাহিদ হাসান বুলবুল (৪৫) নিহত হয়েছেন। ঘটনার ৬ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত শেখ সিফাত ওরফে ‘কাটা সিফাত’সহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
২০ আগস্ট বৃহস্পতিবার রাত ৮টার দিকে বন্দরের সালেহনগর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহত বুলবুল শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বন্দর থানা (পশ্চিম) শাখার যুগ্ম সম্পাদক ছিলেন।
গ্রেফতাররা হলেন- শেখ সিফাত (৩২), মাহবুব হোসেন মাহফুজ (৩২), জুম্মুন ওরফে হায়াইট জুম্মুন (২৯), রিয়াদ (৩৩), মো. সিয়াম (২৫), মোসা. মিনারা (৩৫), নাসিমা (৩৫), রুমা (৩৬) ও ইফরান (২৫)।
হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২১ আগস্ট শুক্রবার সকালে মদনপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বুলবুলের মালিকানাধীন একটি রিকশা গ্যারেজে হামলা ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় শেখ সিফাতসহ কয়েকজনকে আসামি করা হয়েছিল। এরপর থেকেই মামলাটি তুলে নিতে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। ঘটনার দিনও মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করা হলে কথা-কাটাকাটির একপর্যায়ে সিফাতের নেতৃত্বে একদল হামলাকারী ধারালো অস্ত্র দিয়ে বুলবুলের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ অভিযোগ করেন, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। এর আগেও বুলবুলের ওপর হামলার চেষ্টা হয়েছিল। তিনি ঘটনার সঙ্গে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্তসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। মরদেহের ময়নাতদন্ত শেষে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, ‘ঘটনার ৬ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে আটক করা হয়েছে। তবে কোথা থেকে আটক করা হয়েছে বিষয়টি প্রেস কনফারেন্স এর মাধ্যমে জানানো হবে বলে তিনি জানিয়েছেন।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available